দক্ষিণী সিনেমায় এ সপ্তাহে লড়াই হবে সমানে সমান

দক্ষিণী সিনেমা নিয়ে সিনেভক্তদের আগ্রহ বরাবরই প্রবল। চাতক পাখির মতো ভক্তদের প্রতীক্ষায় থাকে, কখন আসবে নতুন সিনেমা। আর মে মাসের শুরু হতে যাচ্ছে দক্ষিণী সিনেপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক মারকাটারি সপ্তাহ। প্রেক্ষাগৃহে দেখার মতো ছয়টি দক্ষিণ ভারতীয় সিনেমা এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। এই সপ্তাহে মামুত্তি, মোহনলাল, ধানুশ, নয়নতারার মতো মেগা তারকারা পর্দায় ঝড় তুলবেন। সিনেমাগুলোর মধ্যে লড়াই হবে সমানে সমান। আসন্ন সপ্তাহে এই ছয় সিনেমা নিয়েই এবারের আয়োজন।
১. প্যাট্রিয়ট
মালায়ালাম সিনেমার দুই কিংবদন্তি মামুত্তি ও মোহনলালকে একসঙ্গে পর্দায় দেখা যাবে দীর্ঘদিন পর। মহেশ নারায়ণন পরিচালিত স্পাই থ্রিলার অ্যাকশন ‘প্যাট্রিয়ট’ দিয়ে আগামী ১ মে ১৬ বছর পর পুনর্মিলনী হতে যাচ্ছে এ দুই মহাতারকার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। আরও আছেন দক্ষিণী সিনেমার প্রভাবশালী অভিনেতা ফাহাদ ফাসিল। জাতীয় নিরাপত্তার জরুরি অবস্থা এবং গোপনীয় এজেন্টদের নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমায় আরও বেশ কিছু নামি তারকাকে ক্যামিও হিসেবে দেখা যাবে।
২. কারা
-17773516155180.jpeg)
তামিল সিনেমার অন্যতম সেরা অভিনেতা ধানুশ এবং পরিচালক বিঘ্নেশ জুটির ‘কারা’ আসছে দর্শক মাতাতে। সিনেমাটির প্রেক্ষাপট ১৯৯১ সালের ইরাক ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় ভারতের একটি গ্রাম রামানাথাপুরামের। সিনেমার গল্পটি কারাসামি নামের এক সংশোধিত চোরের কাহিনি। যুদ্ধের প্রভাব পড়ায় বন্ধককৃত পৈতৃক জমি পুনরুদ্ধার এবং বাবার শেষ ইচ্ছা পূরণ করতে সে ফিরে যেতে বাধ্য হয় অপরাধ জগতে। ধানুশ ছাড়াও ‘কারা’ সিনেমায় অভিনয় করেছেন মামিতা বাইজু, কে এস রবিকুমার, সুরজ ভেঞ্জারামুডু, করুণাস ও জয়রাম। ‘পোর থোঝিল’-এর সহ-লেখক আলফ্রেড প্রকাশের চিত্রনাট্যে নির্মিত সাসপেন্স থ্রিলারটি আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
৩. জেট লি
-17773516941860.jpeg)
অ্যাকশন কমেডি ‘জেট লি’র কাহিনি পলাতক বিলিয়নিয়ার প্রজাপতিকে বহনকারী একটি যাত্রীবাহী বিমানকে কেন্দ্র করে আবর্তিত হয়। মাঝ আকাশে ভাড়াটে সৈন্য ও গোপন এজেন্টদের সংঘর্ষের মাঝে আবির্ভূত হয় এক রহস্যময় মানুষ। তার ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক গোপন রহস্য। প্রায় সোয়া ২ ঘণ্টার এ সিনেমাটি দর্শকদের আকর্ষণ করবে। রিতেশ রানা পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সাথিয়া, রিয়া সিংহা, ভেনেলা কিশোর, ভিভা হর্ষ প্রমুখ।
৪. কেডি: দ্য ডেভিল

সম্প্রতি সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির একটি গান নিয়ে তোলপাড় পড়ে সিনেপাড়ায়। অশ্লীলতার অভিযোগে চারদিকে প্রতিবাদের ঝড় ওঠে। সেই ঝড় সামলে আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘কেডি: দ্য ডেভিল’। মেগা বাজেটের সিনেমাটিতে আরও থাকবেন ধ্রুব সারজা, শিল্পা শেঠি, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দসহ অনেকে। কন্নড় ভাষা ছাড়াও অ্যাকশন ড্রামাটি হিন্দিতে মুক্তি পাবে। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি এক সাধারণ অপরাধীকে কেন্দ্র করে, যে বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ডের নায়কদের সঙ্গে জড়িয়ে পড়ে।
৫. নুরু সামি

ফ্যামিলি ড্রামা ‘নুরু সামি’ পর্দায় আসবে ১ মে। পরিবারকেন্দ্রিক এই সিনেমায় এক ছেলে ও তার মায়ের মধ্যকার আবেগঘন বন্ধনকে তুলে ধরে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সামাজিক সংগ্রামের মতো বিষয়বস্তুকে আলোকপাত করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন শশী। তামিল ভাষার এ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এর কাহিনি জাতিগত বৈষম্য, প্রেম এবং টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠে। মূল ভূমিকায় থাকবেন বিজয় অ্যান্টনি ও স্বাসিকা।
৬. গায়া পাদ্দা সিংহম
-copy-17773520581270.jpg)
থারুন ভাস্কর অভিনীত ‘গায়া পাদ্দা সিংহাম’ সিনেমাটি এক যুবকের গল্প, যার আমেরিকা যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। বাস্তবধর্মী এ সিনেমায় অভিবাসী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উপমহাদেশের মানুষের নানা প্রতিবন্ধকতা এবং সেখানে পৌঁছানোর পর তাদের সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে। থারুনের সঙ্গে জেডি চক্রবর্তী, শ্রী বিষ্ণু, ফারিয়া আবদুল্লাহ, মানসা চৌধুরীও দুর্দান্ত অভিনয় করেছেন। কাহিনিতে দেখা যায়, পরিস্থিতি সেই যুবককে দেশে ফিরে যেতে এবং কঠোর নির্বাসন নীতির বিরুদ্ধে প্রতিশোধ নিতে বাধ্য করে।