বাঁধনের সঙ্গে অভিনয়ের দারুণ প্রতিযোগিতা দেখবে দর্শক: ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ক্যারিয়ার, নতুন কাজ এবং ব্যক্তিগত বিভিন্ন ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি তার আসন্ন প্রজেক্ট, চরিত্র নির্বাচন ও দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।
গণমাধ্যমকে নুসরাত ফারিয়া জানান, তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শেষ হয়েছে। তবে পরিচালক মেহেদী হাসান নতুন একটি গান যুক্ত করার কথা ভাবছেন। পাশাপাশি ‘লজ্জা’ সিনেমার ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে এবং বাকি ৪০ শতাংশ কাজ সামনে এগোবে। অনম বিশ্বাসের পরিচালনায় আগামী ডিসেম্বরে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে।
এছাড়া আসন্ন ঈদে তার নতুন একটি গান মুক্তির পরিকল্পনা চলছে বলেও জানান এই চিত্রনায়িকা। আপাতত কলকাতায় নিয়মিত কাজ না থাকলেও সুযোগ ও অনুকূল পরিস্থিতি সাপেক্ষে সেখানে কাজ করার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অপরাধনির্ভর গল্পের সংকটের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘‘লজ্জা’র গল্পটি শোনার পর থেকেই ভীষণ সম্ভাবনাময় মনে হয়েছিল। চরিত্রের বিশ্বাসযোগ্যতা ও গুরুত্ব রক্ষার্থেই এরপর ওজন কমিয়েছি।’
এরপর একই সিনেমায় সহশিল্পী হিসেবে থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্পর্কে তিনি বলেন, ‘বাঁধন আপু খুব ভালো অভিনয় করেন। আমাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখে দর্শক অভিনয়ের একটি সুন্দর প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন এবং গল্পের নতুন একটি দিক আবিষ্কার করবেন।’
১১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গ্ল্যামারনির্ভর চরিত্রের পাশাপাশি এখন পুরোপুরি চরিত্রভিত্তিক ও বিশ্বাসযোগ্য অভিনয়ে মন দিতে চান ফারিয়া। তিনি জানান, ‘ইনস্পেক্টর নটি কে’ সিনেমার গ্ল্যামারনির্ভর পুলিশ কর্মকর্তা আর ‘লজ্জা’ সিনেমার পুলিশ কর্মকর্তার চরিত্রের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য দেখতে পাবে দর্শক। চরিত্রের প্রয়োজনে নিজের চেহারায় বা শারীরিক গঠনে পরিবর্তন আনতেও তার কোনো দ্বিধা নেই। তিনি বিশ্বাস করেন, কেবল কাজের সংখ্যা বাড়ানো নয়, বরং বর্তমান সময়ের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রাসঙ্গিক থাকাটাই জরুরি।