আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না : কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সেই মন্তব্যকে কেন্দ্র করে যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেবের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধে জড়ালেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা রামদেবের মন্তব্যের কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ শুধু অনুমানই করতে পারে।’
এরপর রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা আরও বলেন, ‘মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট কখনো আমাকে ভর্ৎসনা করেনি। সুতরাং আমাকে চরিত্র গঠনের জ্ঞান দেবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।’
মূলত কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। বিষয়টি নিয়ে টিভি৯কে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা রামদেবের মতামত জানতে চাওয়া হয়। কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে তিনি তার অতীত নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগে কঙ্গনা বলেছিলেন, ‘তার শৈশব কেমন ছিল? তার যৌবন কেমন ছিল? অতীতে তার কর্মকাণ্ড কেমন ছিল? আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। কোনো দেশের তরুণদের ‘গাটার’ বলা বিকৃত মস্তিষ্কের পরিচয়। এটা ভুল।’
কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন রামদেব। এ সময় তাকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তার যোগচর্চার অনুরাগী এবং নিজেকে সনাতনী হিসেবেও পরিচয় দেন। জবাবে রামদেব বলেন, ‘কেউ আমার যোগের প্রশংসা করলেই আমি তার পাপকাজ ঢেকে রাখব?’
এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। জি-ফাইভে মুক্তি পাওয়া এই সিনেমার পাশাপাশি কঙ্গনার হাতে রয়েছে আরও দুটি চলচ্চিত্রের কাজ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


