মার্চে পর্দায় আসছে আলোচিত ৫ সিনেমা

এই বছরের অন্যতম আলোচিত সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা দুটি পর্দায় আসবে মার্চে। এই পাঁচ সিনেমার সব কটিই থাকবে আকর্ষণের কেন্দ্রে। প্রেক্ষাগৃহে এই পাঁচটি হিন্দি সিনেমার মধ্যে রণবীরের সাড়া জাগানো ‘ধুরন্ধর-২’ ও যশের ‘টক্সিক’ রীতিমতো যুদ্ধে নামছে। এ মাসে দর্শকরা রোমান্স, ড্রামা, থ্রিলার ও অ্যাকশন—সব কিছুই বড় পর্দায় উপভোগ করতে পারবেন। এমন কয়েকটি সিনেমার আদ্যোপান্ত নিয়ে এবারের আয়োজন।
১. না জানে কৌন আ গায়া
প্রেম, ঘৃণা ও বিশ্বাসঘাতকতার একটি দুর্দান্ত মিশ্রণ ‘না জানে কৌন আ গায়া’। আকর্ষণীয় এই রোমান্টিক গল্পনির্ভর সিনেমাটি প্রযোজনা করেছেন বিপুল ধাওয়ান ও পূজা অরোরা। সিনেমাটি প্রেমের অন্ধকার অনেক দিক উন্মোচন করবে। সিনেমাটি সম্পর্কে পরিচালক বিকাশ অরোরা জানান, ‘কাঁচা আবেগ এবং কালজয়ী রোমান্সের পটভূমিতে নির্মিত ছবিটি ভালোবাসার গভীরতা এবং তীব্রতা বহন করে, যা সবচেয়ে হৃদয়গ্রাহী প্রেমের গল্পের কথা মনে করিয়ে দেয়।’ এতে অভিনয় করবেন যতীন সারনা, মধুরিমা রায়, প্রণয় পাচৌরি প্রমুখ। রোমান্সে ভরপুর সিনেমাটি দেখা যাবে ৬ মার্চ থেকে।
২. চরক: ফেয়ার অফ ফেইথ

প্রেমের পাশাপাশি ৬ মার্চ দেখা যাবে ড্রামা থ্রিলার সাসপেন্স ‘চরক: ফেয়ার অব ফেইথ’। ‘দ্য কেরালা স্টোরি’র সুদীপ্ত সেনের এ সিনেমাটি সামাজিক নাটকে ভরপুর। অঞ্জলি পাতিল, সুব্রত দত্ত, শশী ভূষণ, সহিদুর রহমান এতে অভিনয় করবেন। সিনেমাটি এমন ব্যক্তিদের অনুসরণ করে যারা একটি প্রাচীন আচার-অনুষ্ঠানে অংশ নেয়, যা শরীর ও মনের সীমা পরীক্ষা করে। প্রাচীন রীতিনীতির ধারা কীভাবে সমাজে প্রভাব ফেলে, সে রকম এক কাহিনিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে, শারীরিক সহনশীলতা মানুষের ক্ষমতাকে প্রভাবিত করে কীভাবে জীবনে স্থায়ী চিহ্ন রেখে যায়।
৩. কিসসা কোর্ট কাছাচারি কা

প্রেমিকের দুর্ঘটনাজনিত মৃত্যুর বিচার চাওয়া একজন নারীকে ঘিরে আবর্তিত গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কিসসা কোর্ট কাছাচারি কা’। এতে আদালতের জটিলতার নানা দিক উঠে আসবে। ১৩ মার্চ বদ পর্দায় আসবে সিনেমাটি। এতে অভিনয় করবেন রাজেশ শর্মা, ব্রিজেন্দ্র কালা, নীলু কৌর কোহলি, সুশীল চন্দ্রভান পরশা, কৃষ্ণা সিং বিষ্ট, অঞ্জু যাদব, সার্জীব জয়সওয়াল, লোকেশ এস সিং, অবন্যা কুমারীর মতো এক ঝাঁক তারকা। রজনীশ জয়সওয়াল পরিচালিত সিনেমাটির কোর্টরুম ড্রামা রহস্য দর্শকদের মুগ্ধ করবে।
৪. ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

হাই অ্যাকশন স্পাই ড্রামা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এই বছরের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। গত বছর রণরীর সিংয়ের গোয়েন্দাধর্মী ‘ধুরন্ধর’ চারদিকে শোরগোল ফেলে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালামের পাশাপাশি তেলেগু ভাষায়ও মুক্তি পাবে। প্রথম অংশের রেকর্ড ব্রেকিং ব্যবসার পর শেষের অংশ নিয়ে আলোচনা চলছে। সিক্যুয়েলটিতেও সেই ভারতীয় গুপ্তচর তার দেশে পরিকল্পিত নৃশংস হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করার মিশনে নামে। গোয়েন্দার কি সফল হবে? তার শেষ পরিণতি কী হবে—দর্শকরা তা দেখতে উন্মুখ।
৫. ‘টক্সিক’

বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল কন্নড়ের রকিংস্টার যশের ক্রাইম-ড্রামা থ্রিলার ‘টক্সিক’। কেজিএফের তোলপাড়ের পর পর্দায় কোন রূপে আসবেন ইয়াশ, আর তার চরিত্রটিই বা কেমন হবে—তা নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে পরিচালক গীতু মোহনদাস থ্রিলার ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজারে দেখা গেছে যশের ভয়ংকর চেহারা আর অ্যাকশন। যশের সঙ্গে ‘টক্সিক’ মাতাতে থাকবেন কিয়ারা আদভানি ও নয়নতারা। এই গ্যাংস্টার সিনেমায় তাদের দেখা যাবে সাহসী এবং ভয়ংকর চরিত্রে। দর্শকরা যশের ভয়ংকর যুদ্ধের আসল রহস্য উন্মোচন করতে পারবেন আগামী ১৯ মার্চ।