logo

জ্যাকব-কেন্ডালের নতুন প্রেমে হলিউড মাতোয়ারা

জ্যাকব-কেন্ডালের নতুন প্রেমে হলিউড মাতোয়ারা
কেন্ডাল জেনার ও জ্যাকব এলর্ডি। ছবি: সংগৃহীত

হলিউডের বাতাসে এখন নতুন প্রেমের সুবাস। হলিউডের অস্ট্রেলিয়ান তারকা অভিনেতা জ্যাকব এলর্ডি এ মুহূর্তে সিনেভুবনের অন্যতম চর্চিত নাম। আলোচিত এই হলিউড অভিনেতার সঙ্গে আমেরিকান মডেল কেন্ডাল জেনারের প্রেমের জোর গুঞ্জন চলছে। আর উঠতি এই তারকাদের প্রেম নিয়ে মাতোয়ারা হলিউড অঙ্গন।

গত এপ্রিলে কোচেলা উৎসবে প্রথমবার একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয়েছিল ফিসফাস। ‘দ্য কিসিং বুথ’ও ‘ইউফোরিয়া’ খ্যাত অজি তারকা জ্যাকব এলর্ডি এবং আমেরিকান সুপারমডেল কেন্ডাল জেনারের প্রেমের সেই গুঞ্জন এবার রূপ নিচ্ছে বাস্তবে।

এই তারকা জুটির সাম্প্রতিক রোমান্টিক হাওয়াই ভ্রমণ এবং জেনারের পরিবারের সম্পৃক্ততা প্রমাণ করছে—তাদের মধ্যে সম্পর্কটা অনেক দূর গড়িয়েছে এবং সেটা বেশ গভীর। সবচেয়ে বড় চমক দেখা গেছে গত সপ্তাহে। কেন্ডালের বোন কাইলি জেনার এবং তার প্রেমিক টিমোথি শালামেটের সঙ্গে একটি ডাবল ডেটে অংশ নেন কেন্ডাল ও জ্যাকব। এ সময় বোনের নতুন প্রেম কাইলির কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছে। বড় বোনের নতুন রসায়ন দেখে কাইলিও দারুণ উচ্ছ্বসিত।

‘উথারিং হাইটস’ অভিনেতা জ্যাকব এবং ‘ওনকা’ তারকা টিমোথির মধ্যে আগে থেকেই চমৎকার বন্ধুত্বের সম্পর্ক। বিভিন্ন পুরস্কারের মঞ্চে তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়। পর্দায় তুমুল জনপ্রিয় হলেও জ্যাকব ও টিমোথি দুজনই ব্যক্তিজীবনে বেশ প্রচারবিমুখ।

নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দ্য কিসিং বুথ’-এ নোয়া ফ্লিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান জ্যাকব এলোর্ডি। এরপর এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’-তে দুর্দান্ত অভিনয় তার তারকাখ্যাতিকে আরও পাকাপোক্ত করে। সম্প্রতি হলিউড ইন্ডাস্ট্রিতে বলাবলি হচ্ছে, বিখ্যাত জেমস বন্ড সিরিজের নতুন বন্ড হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই অভিনেতা।