নিকের সঙ্গে সম্পর্ক যেন জন্মজন্মান্তরের: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও হলিউড—দুই জগতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিনোদন দুনিয়ায় তাদের প্রায়ই ‘পাওয়ার কাপল’ বলা হয়। বয়সের ব্যবধান নিয়ে নানা সময়ে আলোচনা ও বিতর্ক হলেও সেসব কথায় কান দেন না দুজনের কেউই। বরং একে অন্যকে নানাভাবে সমর্থন ও উৎসাহ দিয়ে চলেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিকের সঙ্গে তার সম্পর্ক যেন বহুজন্মের। তার কথায়, আশীর্বাদের দিন থেকেই মনে হয়েছিল নিককে তিনি অনেক আগে থেকেই চেনেন। এমনকি তিনি মনে করেন, এটি যেন তাদের তৃতীয় কিংবা চতুর্থ জন্মের সম্পর্ক।
প্রিয়াঙ্কা আরও জানান, নিক তার জীবনে আসার আগের সময়টা যেন এখন আর মনে করতে পারেন না। বলিউডে কাজ করার সময় তার নাম জড়িয়েছিল বেশ কয়েকজন তারকার সঙ্গে।
অভিনেত্রী নিজেও অতীতের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার দাবি, আগের সম্পর্কগুলোতে অনেক সময়ই তাকে অবহেলা করা হয়েছে। তবে স্বামী নিক জোনাস সেই জায়গায় সম্পূর্ণ আলাদা।
এ নিয়ে ‘দেশি গার্ল’ খ্যাত তারকা বলেন, ‘আমার মনে হয় নিকের সঙ্গে জন্মজন্মান্তরের আলাপ। সে অত্যন্ত ভালো মানুষ। পরিবার থেকে সঠিক শিক্ষা পেয়েছে। খুব বুদ্ধিমান ও জ্ঞানী একজন মানুষ। ওর মতো জ্ঞানী আমিও হতে চাই। এখন নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হয়।’
বর্তমানে কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রিয়াঙ্কা। শুটিং শেষ হলেই তার তাড়া থাকে বাড়ি ফেরার। স্বামী ও তাদের মেয়ে মালতীকে নিয়ে সুখের সংসার করছেন তিনি। প্রিয়াঙ্কা জানান, মেয়ে মালতী বড় হয়ে উঠছে, তাই কাজের পর বেশি সময় বাইরে থাকতে আর মন চায় না তার।