আল্লু-রাশমিকার আয় টলিউডে সর্বোচ্চ

বলিউডকে প্রতিনিয়ত টেক্কা দিয়ে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। মূলত দক্ষিণ ভারতের চারটি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি গঠিত। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড়। গত দশকে তেলেগু সিনেমা একটি শক্তিশালী প্যান-ইন্ডিয়া শক্তিতে রূপান্তরিত হয়েছে। একসময় আঞ্চলিক প্রতিযোগিতায় শামিল হলেও এখন বলিউডের সঙ্গে পাল্লা দিচ্ছে। বাহুবলি, আরআরআর এবং পুষ্পার মতো ব্লকবাস্টার সিনেমা দেশি-বিদেশি দর্শকদের মন জয় করেছে।
দক্ষিণী সিনেমা শুধু জনপ্রিয়তাই নয়, শিল্পীদের পারিশ্রমিকেও রীতিমতো টেক্কা দিচ্ছে বলিউডের সঙ্গে। এর মধ্যে টলিউড তারকারা এক ধাপ এগিয়ে। এই ইন্ডাস্ট্রির তারকারা পারিশ্রমিকের চেয়েও বেশি আয় করছেন প্রচারণা, ব্র্যান্ড চুক্তি এবং লভ্যাংশের মাধ্যমে। এই ইন্ডাস্ট্রির এ বছরে অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন পুষ্পাখ্যাত আল্লু অর্জুন। আর অভিনেত্রীদের মধ্যে ভারতের ন্যাশনাল ক্র্যাশ রাশমিকা মান্দানা। সবচেয়ে মজার কথা, পুষ্পা সিনেমায় তারা একই সঙ্গে দর্শক মাতিয়েছিলেন।
২০২৬ সালে পারিশ্রমিকের দিক দিয়ে আল্লু অর্জুন রয়েছেন শীর্ষে। অভিনেতা প্রতি ছবিতে ২০০ কোটি থেকে ৩০০ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক নেন বলে জানা গেছে, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন করে তুলেছে।
পুষ্পা ২-এর জন্য আল্লু আর্জুন একটি নির্দিষ্ট বেতনের পরিবর্তে লভ্যাংশ মডেল বেছে নিয়েছিলেন। সিয়াসাত অনলাইনের প্রতিবেদনে জানা গেছে, তিনি সিনেমার লাভের ২৭ শতাংশ নিয়েছিলেন। এক হাজার কোটি টাকার ওপরে ব্যবসা করা পুষ্পা-২ থেকে এই স্টাইলিশ তারকা প্রায় ২৭০ কোটি টাকা আয় করেছেন বলে জানা গেছে।
চলচ্চিত্রের পাশাপাশি, অভিনেতা ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রচারমূলক চুক্তির মাধ্যমেও উল্লেখযোগ্যভাবে আয় করেছেন। ২০২৬ সালের হিসাবে, তার সম্পদের পরিমাণ প্রায় ৪৬০ কোটি টাকা। শক্তিশালী অভিনয় তো দুর্দান্তই, এ ছাড়াও আল্লু আজুনের সিগনেচার ড্যান্স, মুভ, স্টাইলিশ লুকের জন্য ভক্তরা বরাবরই তাকে প্রশংসা করেন।
আর অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ে হওয়া রাশমিকা মান্দানা। এ বছর এই অভিনেত্রী ছবিপ্রতি ১০ থেকে ১৩ কোটি টাকা নেন বলে জানা গেছে।
অ্যানিমেল, পুষ্পা-২ এবং ছাভার মতো সিনেমার সাফল্যের পর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু দক্ষিণীই নয়, বলিউডেও রয়েছে তার দৃপ্ত পদচারণা। মোদ্দা কথা, একজন পরিপূর্ণ প্যান-ইন্ডিয়া তারকা। আর রাশমিকার অভাবনীয় জনপ্রিয়তা তাকে দর্শক-ভক্তই নয়, প্রযোজকদের কাছেও চাহিদার তুঙ্গে পৌঁছে দিয়েছে। তবে নিয়মিত প্রকল্পের জন্য রাশমিকার পারিশ্রমিক ৪ থেকে ৮ কোটি টাকার মধ্যে থাকে। রাশমিকার মনভোলানো অনবদ্য অভিনয় তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।