logo

‘ও রোমিও’-কে ছাড়িয়ে গেল ‘কেরালা স্টোরি ২’

‘ও রোমিও’-কে ছাড়িয়ে গেল ‘কেরালা স্টোরি ২’

মুক্তির আগে বিভিন্ন জটিলতা ও বিতর্ক সত্ত্বেও এগিয়ে যাচ্ছে কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত অ্যাকশন ড্রামা ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। প্রথম চার দিন ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এরই মধ্যে প্রথম সপ্তাহের আয়ে শহিদ কাপুরের ‘ও রোমিও’-কে ছাড়িয়ে গেল তিন তরুণীর করুণ জীবনকাহিনির এ সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত ১৮তম দিনে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ২৯ লাখ রুপি আয় করেছে। মোট আয় দাঁড়িয়েছে সাড়ে ৬৫ কোটি রুপি। আর ‘কেরালা স্টোরি ২’-এর সোমবারের আয় ২.৬৫ কোটি রুপি। চতুর্থ দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫.১ কোটি রুপি। ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ বক্স অফিসে প্রথম দিন ভারতে প্রায় ৪.৮৫ কোটি রুপি আয় করেছিল। 

সিনেমার গল্পটি তিন তরুণীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা প্রতারণামূলক বিবাহ এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো পরিস্থিতির মুখোমুখি হয়। এ নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির আগে অস্থায়ী স্থগিতাদেশ জারি হয়। সপ্তাহব্যাপী বিতর্ক এবং খবরের শিরোনামের পর অবশেষে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

হিন্দি ড্রামা থ্রিলার এ সিনেমাটির অভিনয় করেছেন সুমিত গাহলাওয়াত, উল্কা গুপ্তা, অদিতি ভাটিয়া, ঐশ্বর্য ওঝা, অর্জান সিং আউজলা এবং যুক্তম খোসলা। কাহিনির মূলে থাকা এই তিন তারকার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-সমালোচকরা।