logo

জন্মদিনের আগেই বিজয়ের ‘জন নায়াগান’

জন্মদিনের আগেই বিজয়ের ‘জন নায়াগান’

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তার বর্ণাঢ্য অভিনয় ভুবন শেষ করতে যাচ্ছেন ‘জন নায়াগান’ দিয়ে। সুপারস্টারের শেষ সিনেমা—তাই স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল ভক্ত ও অনুরাগীমহলে। গত ৯ জানুয়ারি সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগেই আটকে দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যদি সব জটিলতা কাটিয়ে ওঠা যায় তবে আগামী জুনে তামিল ইন্ডাস্ট্রির মহানায়ক বিজয়ের জন্মদিনের আগেই সিনেমাটি মুক্তির চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিজয়ের জন্মদিন ২২ জুন। তাই ‘জন নায়াগান’ রিলিজের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৮ জুন।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পটি হঠাৎ স্থগিত করা রয়েছে বলে জানা গেছে। সিনেমাটি বড় পর্দায় আসার আগেই ১ কোটি টাকার টিকিটের অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল। পিঙ্কভিলাসহ একাধিক প্রতিবেদন অনুসারে, সিবিএফসির পুনর্বিবেচনা কমিটি পর্যালোচনা প্রক্রিয়া শুরু না করায় এই বিলম্বের সৃষ্টি হয়েছে।

অনেকেই থালাপতি বিজয়ের সিনেমা মুক্তিতে বাধার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পেয়েছেন। সম্প্রতি বিজয় অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিজয়ের দল ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট বাঁধতে আগ্রহী নয় বলেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জটিলতা কাটাতে বিজয় হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন।

পিঙ্কভিলাসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো সিবিএফসি কর্তৃপক্ষ ছবির প্রযোজনা সংস্থা, কেভিএন প্রোডাকশনসকে কোনো আনুষ্ঠানিক আপডেট জানায়নি। তাই প্রয়োজনীয় সার্টিফিকেশন বা স্বীকৃতি ছাড়া নির্মাতারাও মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করতে পারছেন না।

‘জন নায়াগান’ বড় পর্দায় আসার পরপরই বিজয় অভিনয় থেকে ইস্তফা দিয়ে পাকাপাকিভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন। তাই জনপ্রিয় এই তারকার শেষ সিনেমা ঘিরে ভারতজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীমহলে আগ্রহ তুঙ্গে, একই সঙ্গে উৎকণ্ঠিত মুক্তি জটিলতায়।