logo

আজ ‘বিয়ের পিঁড়িতে’ বিজয়-রাশমিকা, তবুও রহস্য

আজ ‘বিয়ের পিঁড়িতে’ বিজয়-রাশমিকা, তবুও রহস্য

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা-বিজয় দেবরাকোন্ডা। সেই কবে থেকেই চারদিকে গুঞ্জন ছিল যে, তারা একে অন্যের সঙ্গে ডেট করছেন। পাপারাজ্জিদের এড়িয়ে দুজন নিজেদের কাজ করে গেছেন, আর মন দেওয়া-নেওয়া চালিয়ে গেছেন। অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। আজই এক হতে যাচ্ছে বিজয়-রাশমিকার চার হাত। সব জল্পনা-কল্পনা, ফুসফাসকে বিদায় করে গত বছরের অক্টোবরে বাগদান সেরেছিলেন তারা।

 

বাগদানের পর থেকেই বিয়ের তারিখ নিয়ে রহস্য রেখে দিয়েছিলেন রাশমিকা-বিজয় উভয়েই। তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রথম দিকে জানা যায়, এই তারকা প্রেমিক যুগল আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আজই (২ ফেব্রুয়ারি) নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা।

 

বিয়ের তারিখ গোপনে রাখলেও সম্প্রতি ‘ডিয়ার কমরেড’ জুটির একটি বিয়েসংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ফাঁস হয়েছে বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে  বিভিন্ন তথ্য। সেখান থেকেই জানা যায়, আজ (সোমবার) নাকি বিয়ের পিঁড়িতে বসবেন। এ লক্ষ্যে বিয়ের প্রস্তুতি শেষ এবং আনুষ্ঠানিকতার তোড়জোড় চলছে জোরকদমে। উদয়পুরে বসবে বিয়ের আসর। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আসর সেজে উঠেছে অসংখ্য ঝাড়বাতি, ফুলের তোড়া দিয়ে। উদয়পুরের রাজকীয় প্রাসাদটি লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল ও কারুকার্যপূর্ণ পিতলের সামগ্রী দিয়েও সাজানো হয়েছে। বিজয়-রাশমিকা জুটির অনুরাগীরা উচ্ছ্বসিত। তারা জুটিকে নবদম্পতির সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

 

গত ১ ফেব্রুয়ারি থেকে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে বিজয় ও রাশমিকা নতুন জীবন শুরু করবেন। একজন ইনফ্লুয়েন্সারের লাইভ ভিডিও দেখে সার্বিক অবস্থা সত্যি মনে হলেও, কারও কারও কাছে এখনো এই বিয়ের আয়োজন বিষয়টি বিশ্বাসযোগ্য পর্যায়ে যায়নি। তাদের কাছে বিজয়-রাশমিকার বিয়ে রহস্যই রয়ে গেছে।

 

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর। এরপর ‘ডিয়ার কমরেড’ নামে আরও একটি সিনেমা করেছেন একসঙ্গে, যেটি মুক্তি পায় ২০১৯ সালে। দুটি সিনেমাই খুবই ব্যবসাসফল ও প্রশংসিত হয়েছিল। তখনই রাশমিকা মান্দানা পরিণত হন জাতীয় ক্র্যাশে। এ জুটির তৃতীয় সিনেমা রানাবালি মুক্তি পাবে এ বছরের ১১ সেপ্টেম্বর।