অদৃশ্য সত্তার কারণেই বাসভবন ছাড়ছেন সালমান!

‘বাড়িতে সবসময় কারও অস্তিত্ব টের পেতাম’ এমন মন্তব্য করেই আলোচনায় এসেছেন বলিউড ভাইজান সালমান খান। চলতি বছরের শুরু থেকেই দীর্ঘদিনের বাসভবন মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
এরপর থেকেই ভক্ত হৃদয়ে একটাই প্রশ্ন তাহলে কি অদৃশ্য সত্তার উপস্থিতির কারণেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়েছেন সালমান।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর নবম পর্বে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাড়িতে প্রায়ই এক অদৃশ্য সত্তার উপস্থিতি টের পেতাম। ঘর থেকে বেরিয়ে গেলেই আলো জ্বলত-নিভত। মাঝেমধ্যে আলমারি বা মিউজিক সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যেত আমি কোনোদিন ওই ঘরে একা থাকিনি। সবসময়ে সেখানে এমন কেউ চলাফেরা করত, যাকে আমি কখনও দেখিনি। কেবল তার অস্তিত্ব অনুভব করেছি বা শব্দ শুনেছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিবার যখন আমি ঘর থেকে বেরিয়ে আসতাম, আলো কম-বেশি হতো। বাথরুমে থাকার সময়েও বাইরে কারও উপস্থিতি টের পেতাম। মনে হতো কেউ যেন আমার আলমারির দরজা খুলছে।’
এসব অভিজ্ঞতার কারণেই সালমানের মনে হয়েছে এই অ্যাপার্টমেন্টে অশরীরী কিছুর উপস্থিতি রয়েছে। তবে এ কারণেই যে অ্যাপার্টমেন্ট ছাড়ছেন তা স্পষ্ট করেননি তিনি।
বর্তমানে পরিবার নিয়ে মুম্বাইয়ের বান্দ্রার ‘চিমবাই’ এলাকায় একটি নতুন ছয়তলা সমুদ্রমুখী ভবনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। যা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের অনেকটা কাছেই অবস্থিত।