সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ

বলিউড ভাইজান সালমান খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসাপাতালে গেলেন শাহরুখ খান। শনিবার গভীর রাতে শাহরুখ খানকে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে পৌঁছাতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার আমির খান প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে সেলিম খানকে দেখতে হাসপাতালে যান।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ১৭ ফেব্রুয়ারি সালমান খানের বাবাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনুরাগী ও চলচ্চিত্র জগতের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
হাসপাতালে পৌঁছানোর পর ৯০ বছর বয়সী সেলিম খানকে তত্ত্বাবদানকারী চিকিৎসক জলিল পার্কার শাহরুখ খানকে জানান, মস্তিষ্কে ন্যূনতম রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তবে তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে। তিনি এখন আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। সূত্র: দ্য সিয়াসট ডেইলি
এর আগে আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা, অভিনেত্রী শিল্পা শেঠি, সঞ্জয় দত্ত, জাভেদ আখতারসহ চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ লীলাবতী হাসপাতালে সেলিম খানকে দেখতে যান। শিল্পা শেঠির সঙ্গে ছিলেন মা সুনন্দা শেঠি।
সেলিম খান ভারতীয় সিনেমায় একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ‘আন্দাজ’, ‘সীতা অর গীতা’, ‘জঞ্জির’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডন’ এবং ‘কালা পাথর’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। সেলিম খান হিন্দি চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য একাধিক সম্মাননা পেয়েছেন।