logo

শ্রীলীলাকে স্বাগত জানালেন ধানুশ

শ্রীলীলাকে স্বাগত জানালেন ধানুশ

ধানুশ অভিনীত ও রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ডি৫৫’ খুব শিগগির পর্দায় আসতে চলেছে। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা করা হয়। সে সময় বলা হয়, সাই পল্লবী এই সিনেমায় সহ-নায়িকার ভূমিকায় থাকবেন।

তবে নির্মাতার পরিকল্পনা ছিল ভিন্ন। এরপরই নির্মাতা নিশ্চিত করেছেন যে, ধানুশের বিপরীতে এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন শ্রীলীলা। ডি৫৫-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বে আছেন ধানুশ।

ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার পরবর্তী প্রজেক্টের জন্য শ্রীলীলাকে স্বাগত জানান। বিষয়টি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অনেকেই এটা আশা করেনি। ডি৫৫ সিনেমায় সুন্দরী শ্রীলীলাকে স্বাগত।’ ‘ডি৫৫’ হতে যাচ্ছে একটি ধুন্ধুমার অ্যাকশনধর্মী প্রজেক্ট।

এই প্রজেক্টে মামুট্টি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রথমে ছবিটি অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে সেই প্রযোজকরা সরে দাঁড়ান এবং সিনেমাটির সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রোডাকশন হাউসের কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি ডি৫৫-এর নির্মাতা নিশ্চিত করেছেন, এর গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে থাকবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে ধানুশ প্রথমবারের মতো শ্রীলিলা, সংগীত পরিচালক সাই অভ্যঙ্কর এবং পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ধানুশকে সর্বশেষ দেখা গেছে হিন্দি সিনেমা তেরে ইশক মে-তে প্রধান চরিত্রে।

আনন্দ এল. রাই পরিচালিত এই ছবিতে তাকে দেখা যায় কৃতি শ্যাননের বিপরীতে। ধানুশকে শিগগির দেখা যাবে আরেকটি অ্যাকশন থ্রিলার ‘কারা’-তে। এটি পরিচালনা করছেন পোর থোজিল খ্যাত পরিচালক ভিগনেশ রাজা।

সিনেমাটি এবছর মুক্তির কথা রয়েছে। অভিনেত্রী শ্রীলীলা সম্প্রতি ‘পরাশক্তি’ সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক করেছেন। এটি পরিচালনা করেন সুদা কঙ্গা।