দক্ষিণী সিনেমা মাতাতে প্রস্তুত শানায়া কাপুর

এশিয়া পোস্ট বিনোদন
দক্ষিণী সিনেমা মাতাতে প্রস্তুত শানায়া কাপুর
‘জম্বি রেড্ডি ২’ দিয়ে দক্ষিণী সিনেমায় নাম লেখাচ্ছেন শানায়া কাপুর। ছবি: সংগৃহীত


সাম্প্রতিক সময়ে বলিউডকে টেক্কা দিয়ে দক্ষিণী সিনেমাগুলো মারমার কাটকাট ব্যবসার পাশাপাশি তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। তাই বলিউডের তারকারা এখন সাউথ ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে পড়ছেন। অথবা প্যান-ইন্ডিয়ান সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। বলিউডের নতুন প্রজন্মের তারকাদের নজরও এখন দক্ষিণী সিনেমার দিকে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের আরেক সুন্দরীর নাম।

Advertisement

বলিপাড়ায় বলাবলি হচ্ছে, ‘হনুমান’ খ্যাত ব্লকবাস্টার পরিচালক প্রশান্ত বর্মার হাত ধরে এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় পা রাখছেন সঞ্জয় কাপুর-কন্যা শানায়া কাপুর। তেলেগু সিনেমার উদীয়মান তারকা তেজা সাজ্জার ব্লকবাস্টার সিনেমা ‘জম্বি রেড্ডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘জম্বি রেড্ডি ২’-এ দেখা যেতে পারে মেগাস্টার অনিল কাপুরের ভাতিজিকে।

‘হনুমান’ ও ‘মিরাই’-এর মতো ব্যাক-টু-ব্যাক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তেজা সাজ্জা এখন বক্স অফিসের অন্যতম নির্ভরযোগ্য নাম। আর তাই এমন একটি হাই-প্রোফাইল সিক্যুয়েলের মাধ্যমে ক্যারিয়ারের নতুন খাতা খোলা শানায়ার জন্য বেশ বড় একটি চাল হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শানায়া কাপুর এরই মধ্যে সিনেমাটির একটি সংক্ষিপ্ত শিডিউলের শুটিংও সেরে ফেলেছেন। চরিত্রের জন্য তার দুর্দান্ত এনার্জি দেখেই নির্মাতারা তাকে কাস্ট করেছেন। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করা শানায়ার সিনেমার পর্দায় অভিষেক হয়েছিল বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কি গুস্তাখিয়া’ দিয়ে। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও শানায়ার পর্দার উপস্থিতি বেশ প্রশংসিত হয়। ২০২৬ সালে আদর্শ গৌরবের সঙ্গে তার ‘তু ইয়া ম্যায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার আগেই দক্ষিণের এই বড় ধামাকা শানায়ার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

শানায়ার চাচাতো বোন প্যান-ইন্ডিয়ান তারকা জাহ্নবী কাপুর ‘দেবরা’ এবং ‘পেড্ডি’ সিনেমা দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। শুধু জাহ্নবী বা শানায়াই নন, রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিরও ‘শ্রীনিবাস মঙ্গাপুরম’ সিনেমা দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।

বক্স অফিস সাফল্য আর জনপ্রিয়তার জন্য বলি-তারকাদের এই ‘দক্ষিণীপ্রেম’ এখন জমজমাট রূপ নিচ্ছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় জম্বিদের ভিড়ে শানায়া কাপুর কতটা আলো ছড়াতে পারেন।