logo

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ ইয়ামি গৌতমের চমক

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ ইয়ামি গৌতমের চমক

ঈদের আনন্দকে শতগুণ বাড়াতে বড় পর্দায় মুক্তি পেল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। তিন মাসের মধ্যেই চারদিকে শোরগোল ফেলে দেওয়া রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল হাজির। আদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন থ্রিলারটি নিয়ে শুধু ভারতই নয়, উন্মাদনা ছিল পুরো উপমহাদেশেই।

এবার আদিত্য ধরের ব্লকবাস্টারের সিক্যুয়েলে বড় চমক হিসেবে দেখা গেছে ইয়ামি গৌতম। একটি বিশেষ ও আকর্ষণীয় ‘ক্যামিও’ চরিত্র নিয়ে হাজির হন তিনি। রণবীর সিংয়ের ভয়ংকর অবতারের পাশে ইয়ামির সংযোজন সিনেমায় বাড়তি চমক যোগ করেছে।

ইয়ামি গৌতম বরাবরই তার শক্তিশালী ও বৈচিত্র্যময় অভিনয়ের জন্য প্রশংসিত। সমালোচকরা অবশ্য এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ ইয়ামি গৌতম যে ক্যামিও চরিত্রে থাকছেন, তা জানা যায় কয়েক দিন আগেই। তখন থেকেই তার অন্তর্ভুক্তি সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। এই ক্যামিওর মাধ্যমে চমকের পাশাপাশি কাহিনিকেও নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। সিনেমাটি মুক্তির আগে নির্মাতারা তার ভূমিকার বিবরণ গোপন রেখেছিলেন।

সিনেমাটি মুক্তির পর অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্লিপ শেয়ার করছেন। অবশ্য আদিত্য ধর দর্শকদের সোশ্যাল মিডিয়ায় স্পয়লার শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।