রাহুলের মৃত্যুর জেরে টলিউডে সব শুটিং স্থগিত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্থবির হয়ে পড়েছে টলিউড। গত ২৯ মার্চ দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান অভিনেতা রাহুল। এ ঘটনার জেরে শিল্পী ও কলাকুশলীদের জন্য কঠোর সুরক্ষা বিধির কারণ দেখিয়ে ৭ এপ্রিল থেকে চলচ্চিত্র শিল্পজুড়ে সব ধরনের শুটিং স্থগিত করা হয়েছে।
গতকাল (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম শিল্পী ও কলাকুশলীদের জন্য কঠোর সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানায়। এর পরই ফোরাম ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য চলচ্চিত্র ও টেলিভিশনের সব ধরনের শুটিং স্থগিত ঘোষণা করে।
রোববার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখার্জি, স্বরূপ বিশ্বাসসহ বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক এবং চ্যানেল প্রতিনিধি উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শনিবার পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম তালসারিতে একটি এফআইআর দায়ের করেছে। একই সঙ্গে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, সহপরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য এফআইআরটি ঘটনাস্থলের পুলিশ বিভাগে স্থানান্তর করা হবে।