logo

‘ধুরন্ধর ২’-এর ট্রেলারেই থাকবে অক্ষয় খান্নার চমক

‘ধুরন্ধর ২’-এর ট্রেলারেই থাকবে অক্ষয় খান্নার চমক

বলিউডের জন্য ২০২৫ সালের শেষটা ছিল একেবারে বিস্ফোরক। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি যেন একাই বছর শেষে বক্স অফিস ইতিহাস বদলে দেয়। মুক্তির আগে খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন যে এই ছবি এমন বিধ্বংসী সাফল্য পাবে। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করে ‘ধুরন্ধর’ একের পর এক বক্স অফিস রেকর্ড গুঁড়িয়ে দেয়। অবাক করার বিষয়, সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও সফলতার সঙ্গে চলছে। এরমধ্যেই নতুন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য উইক। 

তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতীক্ষিত ধুরন্ধর ২-এর অফিসিয়াল টিজার প্রকাশ পেতে চলেছে ৩১ জানুয়ারি। জানা গেছে, টিজারটির দৈর্ঘ্য হবে প্রায় ১ মিনিট ১০ সেকেন্ড। সবচেয়ে বড় চমক—এই টিজারে নাকি দেখা যাবে অক্ষয় খান্নাকেও। প্রথম পর্বে তার চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। ফলে টিজারে তার উপস্থিতি নিশ্চিত হলে ভক্তদের উন্মাদনা যে নতুন উচ্চতায় পৌঁছাবে, তা বলাই বাহুল্য।

‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই সিক্যুয়েল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। নির্মাতা আগেই পুরো ছবির শুটিং শেষ করেছিলেন এবং পরে এটিকে দুই ভাগে মুক্তির সিদ্ধান্ত নেন। ফলে ধুরন্ধর ২-এর ক্ষেত্রে আদিত্য ধর ও তার টিমকে বড় কোনো অতিরিক্ত কাজ করতে হচ্ছে না—নিয়মিত পোস্ট-প্রোডাকশনই এখন মূল ফোকাস। সব মিলিয়ে আরেকটি রেকর্ড-ব্রেকিং ব্লকবাস্টারের মঞ্চ পুরোপুরি তৈরি।

‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ঈদ উপলক্ষে। তবে একই দিনে প্রেক্ষাগৃহে আসতে চলেছে যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমা। নির্মাতা গীতু মোহনদাস অনেক আগেই মুক্তির তারিখ নিশ্চিত করেছিলেন। ফলে বক্স অফিসে তৈরি হচ্ছে এক হাই-ভোল্টেজ সংঘর্ষ।

স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ  রণবীর সিং অভিনয় করেছেন ‘হামজা’ চরিত্রে, যিনি একজন ভারতীয় গোয়েন্দা। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। স্যাকনিল্ক-এর তথ্যমতে সিনেমাটি এখন ভারতীয় বক্স অফিসে আয় করেছে ১ হাজার ২৯৪ কোটি রুপি।