logo
Advertisement

স্ত্রীর আপত্তিতে হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টোটা রায়চৌধুরী

এশিয়া পোস্ট বিনোদন
স্ত্রীর আপত্তিতে হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টোটা রায়চৌধুরী
টোটা রায়চৌধুরী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ও তামিল ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন। তবে হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ, সিনেমাটিতে ছিল শয্যাদৃশ্য।

Advertisement

সম্প্রতি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে টোটা জানান, চরিত্রটি তার পছন্দ হয়েছিল। কিন্তু সিনেমাটিতে হলিউডের ধাঁচের একটি শয্যাদৃশ্য থাকায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।

টোটা বলেন, ‘চরিত্রটা বেশ ভালোই ছিল। কিন্তু অফার ফিরিয়েছিলাম। কারণ, একটা শয্যাদৃশ্য ছিল। আমি পরিষ্কার বলেছিলাম, হলিউডের প্যাটার্নের শয্যাদৃশ্য থাকলে আমি অভিনয় করব না। আমাকে নিতে চাইলে ওই দৃশ্যটা বাদ দিন। আর না হলে আমাকে বাদ দিন।’

শুধু হলিউড নয়, টলিউডের সিনেমাতেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি তাকে। এর পেছনেও রয়েছে তার স্ত্রী শর্মিলি রায়চৌধুরীর পছন্দ-অপছন্দ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার স্ত্রীও পছন্দ করেন না। তাই আমি করি না। আমি যদিও জানি, এটা পেশাদার ভাবে করা যায়, আর এখন তো নানা উপায় বেরিয়েছে। কিন্তু যেটা আমার অর্ধাঙ্গিনীর পছন্দ নয়, যা তাকে মনঃকষ্ট দেয়, সেটা আমি কেন করব?’

ব্যক্তিগত জীবনও বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন টোটা। তার ভাষ্য, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেছেন বলেই তিনি ও তার স্ত্রী এখনো সুখী। কাজের জায়গায় ব্যক্তিগত সম্পর্কের প্রভাব পড়ুক, সেটিও চান না তিনি।

বর্তমানে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার প্রচারে ব্যস্ত টোটা। ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটিতে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা জিৎ।

সূত্র: আনন্দবাজার

স্ত্রীর আপত্তিতে হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টোটা রায়চৌধুরী