logo
Advertisement

‘তুমি যেন আবার ফিরে এসেছো’, সালমান শাহকে শাবনূর

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
‘তুমি যেন আবার ফিরে এসেছো’, সালমান শাহকে শাবনূর
প্রয়াত নায়ক সালমান শাহকে জন্মদিনে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহকে জন্মদিনে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান শাহর সঙ্গে কাজের স্মৃতি এবং তার মানবিক গুণের কথা তুলে ধরেছেন তিনি।

শাবনূর লেখেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ।’

সালমান শাহর মানবিকতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘তোমার আশপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময়ে পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।’

শাবনূরের ভাষায়, সালমান শাহর সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে আজও আপন করে রেখেছে। পুরোনো গান কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য দেখলে তার স্মৃতি ফিরে আসে জানিয়ে শাবনূর লেখেন, ‘মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’

প্রয়াত এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লেখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’

এ সময় সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা অসম্মানজনক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান শাবনূর। একই সঙ্গে প্রয়াত এই শিল্পীর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান তিনি।

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো বহু কালজয়ী চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে।