পানের মসলার বিজ্ঞাপন করে আইনি জটিলতায় সালমান খান

পানের মসলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। বিজ্ঞাপনটিতে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ক্ষতিকর পণ্যের প্রতি ভোক্তাদের আকৃষ্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় সালমান খান ও সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে রাজস্থান রাজ্য ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন। আগামী ১৯ জানুয়ারি ২০২৭ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যোধপুরের বাসিন্দা গজেন্দ্র কুমার এ বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‘জশন কা টশন’ শিরোনামের বিজ্ঞাপনটিতে সালমান খানকে পাঁচ থেকে ১০ রুপির একটি পণ্যের প্রচার করতে দেখা যায়। বিজ্ঞাপনে পণ্যটিতে জাফরান ও এলাচের মতো দামি উপাদান থাকার কথা বলা হয়েছে।
তবে অভিযোগকারীর প্রশ্ন, এত কম দামের একটি পণ্যে আদৌ জাফরানের মতো দামি উপাদান থাকা সম্ভব কি না। তার দাবি, এ ধরনের প্রচার সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। বিশেষ করে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের দিয়ে এমন পণ্যের বিজ্ঞাপন করালে তরুণেরা এর প্রতি আকৃষ্ট হতে পারেন। এতে তাদের মধ্যে নেশাসক্তির প্রবণতা বাড়ার পাশাপাশি মুখের ক্যানসারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
বিজ্ঞাপন নিয়ে আপত্তির পাশাপাশি সালমানের নামে আদালতে জমা দেওয়া কয়েকটি নথির স্বাক্ষর নিয়েও প্রশ্ন তুলেছেন গজেন্দ্র। তার দাবি, যোধপুর জেলা ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন-২-এ জমা দেওয়া সালমানের ক্ষমতাপত্রসহ বিভিন্ন নথিতে থাকা স্বাক্ষর অভিনেতার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মেলে না।
এ বিষয়ে সালমানকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার পাশাপাশি বিতর্কিত স্বাক্ষরগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করার আবেদন জানিয়েছিলেন অভিযোগকারী। তবে গত ১৬ সেপ্টেম্বর জেলা কমিশন তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপর ওই আদেশের বিরুদ্ধে রাজ্য কমিশনে পুনর্বিবেচনার আবেদন করেন গজেন্দ্র। সেই আবেদনের শুনানিতেই সালমান ও সংশ্লিষ্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মূল মামলায় কোনো আদেশ না দিতে জেলা কমিশনকে নির্দেশ দিয়েছে রাজ্য কমিশন। অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজস্থান হাই কোর্টেও আইনি লড়াই চলছে। সালমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ নভেম্বর জেলা ক্রেতা কমিশনে চলমান মূল মামলার কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। তবে মামলার অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সালমানের আইনজীবীরা অবশ্য অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের দাবি, অভিনেতা পানের মসলার বিজ্ঞাপন করেননি; তিনি প্রচার করেছেন রুপার প্রলেপ দেওয়া এলাচের। একই সঙ্গে এ ধরনের অভিযোগ শুনতে ক্রেতা কমিশনের আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সালমানের ঘটনা নতুন করে সামনে এলেও তারকাদের মাধ্যমে পানের মসলার পরোক্ষ বিজ্ঞাপন নিয়ে ভারতে বিতর্ক চলছে কিছুদিন ধরে। এর আগে বিমল এলাচির বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে দেখা গেছে। ব্র্যান্ডটির সঙ্গে পানের মসলার ব্যবসায়িক সম্পর্ক থাকায় এসব বিজ্ঞাপনও নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে। অভিযোগ উঠেছে, এলাচির মতো অনুমোদিত পণ্যের আড়ালে নিষিদ্ধ বা ক্ষতিকর পণ্যের প্রচার চালানো হচ্ছে, যা ‘সারোগেট বিজ্ঞাপন’ নামে পরিচিত।
এ ধরনের বিজ্ঞাপনের আইনি দায় নিয়ে সম্প্রতি কথা বলেছেন মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুকারাম মুন্ডে। প্রশান্ত গুপ্তার পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৮ সালের খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও দাবিসংক্রান্ত বিধিমালায় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের পাশাপাশি পণ্যের প্রচারক বা তারকারও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞাপনে পণ্য সম্পর্কে যেসব তথ্য দেওয়া হবে, সেগুলো অবশ্যই সত্য, স্পষ্ট ও বিভ্রান্তিমুক্ত হতে হবে।
তুকারাম মুন্ডের ভাষ্য, এই বিধিমালা তার তৈরি নয়। ২০১৮ সালে এটি প্রণয়ন করা হয় এবং ২০১৯ সাল থেকে কার্যকর রয়েছে। ফলে কোনো তারকা বিজ্ঞাপনে অংশ নিলেই পণ্যের প্রচারসংক্রান্ত দায় থেকে পুরোপুরি মুক্ত থাকবেন, এমন সুযোগ নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
