তামিলনাড়ুতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিষিদ্ধের আবেদন

পুরো ভারতের চলচ্চিত্র অঙ্গন এখন কাঁপছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ঝড়ে। সব শ্রেণির দর্শকের কাছে প্রতিশোধের নেশায় উন্মত্ত এক দেশপ্রেমিকের গল্পটি সাড়া জাগিয়েছে। একের পর এক ভেঙে চলেছে বক্স অফিসের সব রেকর্ড। এমন পরিস্থিতিতে তামিলনাড়ুতে সিনেমাটি প্রচারে নিষিদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। বিষয়পি নিয়ে জোর আলোচনা দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম সিনেমা এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সিনেমাটি নিষিদ্ধে মাদ্রাজ হাইকোর্টে একটি জরুরি আবেদন দাখিল করা হয়েছে। একজন আইনজীবী তামিলনাড়ুতে চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের কাছে বিষয়টি উত্থাপন করেন। ওই আইনজীবীর যুক্তি, রাজনৈতিক বিষয় কেন্দ্র করে নির্মিত বলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হতে পারে, তাই তামিলনাড়ুতে ‘ধুরন্ধর ২’ নিষিদ্ধ করা উচিত।
আর এক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রধান বিচারপতির বেঞ্চ আবেদনকারীকে আনুষ্ঠানিকভাবে একটি রিট পিটিশন দাখিল করতে এবং তারপর জরুরি শুনানির জন্য বিষয়টি উত্থাপন করতে নির্দেশ দিয়েছেন।
এর আগে নির্বাচনী আচরণবিধির কারণ দেখিয়ে থালাপতি বিজয়ের ‘জানা নায়গন’কে সিবিএফসি কর্তৃক সেন্সর ছাড়গত্র দেওয়া হয়নি। সেটি পর্যবেক্ষণে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ করাচির লিয়ারি এলাকার কঠিন পটভূমিতে নির্মিত। এলাকাটি ঐতিহাসিকভাবে গ্যাং সংঘাতের জন্য পরিচিত। ‘ধুরন্ধর’-এ কাল্পনিক গল্পের সঙ্গে কান্দাহার বিমান হাইজ্যাকিং, ২০০১ সালের সংসদ হামলা এবং ২৬/১১ মুম্বাই হামলার মতো বাস্তব ঘটনাকে মিশ্রিত করা হয়েছে।