মেয়েকে অ্যাথলেট হিসেবে দেখতে চান আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলা নারীদের নিয়ে খোলামেলা কথা বলেছেন। একইসঙ্গে তিনি তার কন্যা রাহা কাপুরের ভবিষ্যৎ নিয়ে নিজের আশা-আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেছেন।
ফেমিনার সঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তার জীবনে সবচেয়ে বড় প্রভাব রেখেছেন তার মা সোনি রাজদান। ছোটবেলা থেকেই তিনি মাকে দেখেছেন মাতৃত্বের দায়িত্ব পালন করার পাশাপাশি অভিনয়ের প্রতি নিজের আগ্রহ অটুট রাখতে। তার মা তাকে শিখিয়েছেন কীভাবে দায়িত্ব ও নিজের স্বপ্ন একসঙ্গে সামলাতে হয়।
এ ছাড়া তিনি তার বোন শাহিন ভাটের কথাও উল্লেখ করেন, যিনি নিজের মানসিক স্বাস্থ্য ও ডিপ্রেশন নিয়ে খোলামেলা কথা বলে অনেককে অনুপ্রাণিত করেছেন। আলিয়ার মতে, শাহিনের এই সাহসী অবস্থান তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। পরিবারের বাইরে, আলিয়া তার কর্মক্ষেত্রের নারী সহকর্মীদেরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
সাক্ষাৎকারে নিজের মেয়ে রাহা কাপুরকে নিয়েও কথা বলেন আলিয়া। তিনি জানান, ভবিষ্যতে তিনি চান তার মেয়ে খেলাধুলায় আগ্রহী হয়ে উঠুক। তার ভাষায়, ছোটবেলা থেকেই রাহা বেশ চঞ্চল ও প্রতিযোগিতামূলক স্বভাবের, বড় হয়ে সে অ্যাথলেট হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আলিয়া আরও জানান, দলগত কাজের প্রতি তার আগ্রহ শুধু ব্যক্তিগত জীবনেই নয়, তার পেশাগত ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, চলচ্চিত্র নির্মাণ একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে মতভেদ ও আলোচনা সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করে। তাই তিনি এমন মানুষদের সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, যারা ভিন্ন মতামত দিতে পারেন এবং গঠনমূলক আলোচনা এগিয়ে নিতে সাহায্য করেন।