ভারতকে জেতাতে মাঠে ছিলেন একঝাঁক বলিউড তারকা

মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন বলিউড জগতের বহু তারকা। রোমাঞ্চকর এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে ভারত। খবর: নিউজ নাইন
ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউড তারকা আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান ও অনিল কাপুর। ম্যাচ চলাকালে গ্যালারিতে তাদের উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামের বিভিন্ন ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের মেয়ে রাহা কাপুরকে সঙ্গে নিয়ে ম্যাচ দেখতে আসেন এদিন। স্টেডিয়ামে প্রবেশের সময় রণবীরকে নীল টি-শার্ট ও জিন্সে ক্যাজুয়াল লুকে দেখা যায়, আর তিনি কোলে করে রাহাকে নিয়ে ভেতরে ঢোকেন। তার পাশে ছিলেন আলিয়া ভাট, যিনি আরামদায়ক পোশাকের সঙ্গে একটি ক্যাপ পরে এসেছিলেন।
গ্যালারিতে আরও দেখা যায় অভিনেতা বরুণ ধাওয়ানকে, যিনি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উত্তেজিত প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। অভিজ্ঞ অভিনেতা অনিল কাপুরও ম্যাচটি মনোযোগ দিয়ে উপভোগ করেন। তার নতুন চলচ্চিত্র ‘সুবেদার’ এদিনই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে।

ম্যাচে ভারত ইংল্যান্ডকে ২৫৪ রানের বড় লক্ষ্য দেয়। ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল দুর্দান্ত শতক হাঁকিয়ে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান। তবে শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে না পারায় নাটকীয় এই ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে ভারত।