logo

সুপারিশ এলেই সরাসরি ব্লক: বিশাল দাদলানি

সুপারিশ এলেই সরাসরি ব্লক: বিশাল দাদলানি

সংস্কৃতি অঙ্গনে সুপারিশ কালচারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন বলিউডের খ্যাতনামা গায়ক, সংগীত পরিচালক এবং কম্পোজার বিশাল দাদলানি। তিনি বলেন, ‘যেসব মানুষ প্রভাব বা কন্টাক্ট কাজে লাগিয়ে জীবনের পথে এগোতে চায় তাদের প্রতি আমার বিন্দুমাত্র সম্মান, শ্রদ্ধা নেই।’

বলিউড ইন্ডাস্ট্রিতে বিশাল দাদলানির সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকেন। সম্প্রতি এক উঠতি গায়কের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে চটে যান বিশাল। আর সেই ক্ষোভ উগড়ে দেন সামাজিকমাধ্যমে। সেখানে স্পষ্ট ভাষায় বলে দেন, কেউ যদি তার সঙ্গে উল্টাপাল্টা করে, তবে কাজ তো দূরের কথা দেখাও হবে না। সূত্র: আজকাল

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বিশাল লেখেন, ‘নতুন, উঠতি গায়কদের জন্য কিছু বুদ্ধি এবং পরামর্শ। ভুলেও কখনো কোনো মন্ত্রী বা তার সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবে না। এটা একটা নিশ্চিত পথ, যেটা বেছে নিলে তোমার আমার সঙ্গে কখনই দেখা হবে না।’ 

তরুণদের প্রতি নিজেদের গুণের ওপর ভরসা রেখে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ‘ঝুমে জো পাঠান’, ‘বালাম পিচকারি’, ‘বেশরম রং’-এর মতো একাধিক হিট গান উপহার দেওয়া এই সংগীত পরিচালক।

বেশ কয়েকবার ফিল্মফেয়ার পুরস্কার জেতা তারকা বিশালের মতে, যদি কারও মধ্যে গুণ থাকে তাহলে সে সফল হবেই। সংগীত ও সুরের বাইরে গিয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন ভারতের জনপ্রিয় টিভি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এই বিচারক।