logo

পেছাল ‘শব্দহীন যন্ত্রণা’

পেছাল ‘শব্দহীন যন্ত্রণা’
‘শব্দহীন যন্ত্রণা’-এর পোস্টার। ছবি: প্রযোজনা সংস্থার সৌজন্যে

জায়নাটিআই প্রোডাকশনের চলচ্চিত্র ‘শব্দহীন যন্ত্রণা’ দেখতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি মুক্তির পরিকল্পনা ছিল সিনেমাটির। তবে দর্শকরা যাতে সম্ভাব্য সেরা সিনেমাটিক অভিজ্ঞতা পান, সে জন্য দৃশ্যগুলো আরও পরিমার্জন ও সুন্দর করতে মুক্তি স্থগিত করেছেন নির্মাতারা। মুক্তির নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

সার্বিক বিবেচনায় প্রযোজনা সংস্থা ‘শব্দহীন যন্ত্রণা’কে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির পর দর্শকরা নিকটস্থ সিনেমা হলেই এটি দেখতে পাবেন। নির্মাতারা জানান, ছবির দৃশ্যমান মান আরও উন্নত করতেই বাড়তি সময় ব্যয় করা হচ্ছে, কারণ তাদের বিশ্বাস, এমন আবেগঘন গল্প নিখুঁতভাবে সাজিয়ে বড়পর্দায় দেখানোই উচিত।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা। তার সঙ্গে আছেন তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি মাহদী, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও একদল প্রতিভাবান শিশুশিল্পী।

‘শব্দহীন যন্ত্রণা’ সিনেমায় দেখা যাবে কৈশোরের আবেগ, সীমিত বোঝাপড়া ও অপরিণত মনের কারণে ঘটে যাওয়া একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, তার পরিবার এবং ভবিষ্যতে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে তা তুলে ধরেছে। যেসব বিষয় নিয়ে পরিবারগুলো প্রায়ই কথা বলতে চায় না, এতে সেগুলো উঠে এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন মো. আখতার হোসেন, গল্প ও চিত্রনাট্য লিখেছেন তৃণা ইসলাম। ছবিটি প্রযোজনা করেছে জায়নাটিআই প্রোডাকশন।