logo

মেয়ের ঘটনায় অপরাধী গ্রেপ্তার, পুলিশের প্রশংসায় অক্ষয়

মেয়ের ঘটনায় অপরাধী গ্রেপ্তার, পুলিশের প্রশংসায় অক্ষয়

সামাজিকমাধ্যমে সাইবার হেনস্তার শিকার হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কল খান্নার ১৩ বছরের মেয়ে নিতারা ভাটিয়া। অনলাইন গেম খেলতে গিয়েই এক অচেনা ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাব পাওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ব্যক্তিটি গেম খেলার একপার্যায়ে নিতারার কাছে নগ্ন ছবি দাবি করেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মাহারাষ্ট্র সাইবার বিভাগ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যদিও ঘটনার আরও বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
 
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০২৫ সালে এই ঘটনা ঘটে। গেম খেলতে খেলতে সামাজিকমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় নিতারার। প্রথমে সাধারণ কথোপকথন চললেও আচমকাই ওই ব্যক্তি তার লিঙ্গ পরিচয় জানতে চান। নিতারা নিজেকে ‘মহিলা’ হিসেবে পরিচয় দেওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি তার কাছে নগ্ন ছবি পাঠানোর দাবি জানায়।

তবে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে মা-বাবার কাছে পুরো বিষয়টি জানায় নিতারা। মেয়ের এই সাহসিকতার প্রশংসা করেছেন অক্ষয় কুমার। পরে তিনি মহারাষ্ট্রের সাইবার সেলের দ্বারস্থ হন। তারপরই মাঠে নামে সাইবার পুলিশের একটি দল।

সম্প্রতি মাহারাষ্ট্র পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঘটনার কথা তুলে ধরেন অক্ষয়। তিনি বলেন, ‘এভাবেই সাইবার অপরাধের সূত্রপাত হয় এবং শিশু-কিশোরদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।’ এরপর পুলিশের দায়িত্ববোধ নিয়েও প্রশংসা করেন তিনি।

অক্ষয় জানান, অনেক ভিডিও গেমেই অচেনা ব্যক্তিদের সঙ্গে খেলার সুযোগ থাকে। খেলার সময় প্রথমে ওই ব্যক্তি ভদ্রভাবে বার্তা পাঠাতে শুরু করে— ‘খুব ভালো খেলছ’, ‘ধন্যবাদ’— এই ধরনের সৌজন্যমূলক কথাবার্তা চলছিল। এরপর সে জানতে চায় নিতারা কোথা থেকে খেলছে। নিতারা জানায়, সে মুম্বইয়ের বাসিন্দা। কথোপকথন স্বাভাবিকভাবেই চলছিল এবং ওই ব্যক্তি বারবার প্রশংসাও করছিল।

তিনি আরও বলেন, ডিজিটাল দুনিয়ায় শিশুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অপরাধ রুখতে স্কুলে ‘সাইবার সচেতনতা’ বাধ্যতামূলক করারও প্রস্তাব দেন তিনি। তার মতে, প্রতি সপ্তাহে নির্দিষ্ট ক্লাসে এই বিষয়ে পড়ানো উচিত, কারণ এই অপরাধ দিন দিন বেড়েই চলেছে এবং অনেক ক্ষেত্রে তা রাস্তার অপরাধের চেয়েও বড় হয়ে উঠছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তিনি এর আগে অন্য কোনো অপ্রাপ্তবয়স্কদের সঙ্গেও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন কি না। তবে গ্রেপ্তারের পর এখনও পর্যন্ত এই বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানাননি অক্ষয় কুমার।