logo

ভিন ডিজেলের পরবর্তী মিশন ‘ফাস্ট ফরেভার’

ভিন ডিজেলের পরবর্তী মিশন ‘ফাস্ট ফরেভার’

ভিন ডিজেল রেসিং সিনেমার ভুবনের এক অশ্বারোহী। যিনি ছুটেই চলেছেন অবিরাম, নিরন্তর। পরিপূর্ণ অ্যাকশন-প্যাকড রেসিং সিনেমায় হার-না-মানা একটি আর অপ্রতিদ্বন্দ্বী চরিত্র তিনি। গতিময় অ্যাকশন ও রোমাঞ্চপ্রিয় দর্শকদের জন্য সুখবর। বিশেষ করে জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক। ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে সিরিজটির পরবর্তী সিনেমার। নতুন ছবির নাম ‘ফাস্ট ফরেভার’, যা মুক্তি পাবে ২০২৮ সালের ১৭ মার্চ।

এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ—ফ্র্যাঞ্চাইজির প্রাণভোমরা ভিন ডিজেল আবারও ফিরছেন। ডমিনিক টোরেটোর চরিত্রে তাকে দেখা যাবে আগের মতোই শক্তিশালী ও আবেগঘন উপস্থিতিতে।

ছবিটির ঘোষণার খবর ভিন ডিজেল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। একটি আবেগঘন পোস্টে তিনি প্রয়াত সহ-অভিনেতা পল ওয়াকারের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন। উল্লেখ্য, ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করা পল ওয়াকার ২০১৩ সালে ‘ফিউরিয়াস ৭’ সিনেমার শুটিং চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান।

‘ফাস্ট ফরেভার’ হতে যাচ্ছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত লুই লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’-এর সরাসরি পরবর্তী কিস্তি। ফলে গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে নতুন সিনেমাটি।

ধারণা করা হচ্ছে, পরিবার, গতি ও আবেগের মেলবন্ধনে নির্মিত ‘ফাস্ট ফরেভার’ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য হয়ে উঠবে আরও এক স্মরণীয় অধ্যায়। এর ভিজ্যুয়াল এফেক্ট, ক্ষুরধার চিত্রধারণ আর চিত্রায়ণ বেশ সাড়া জাগাবে বলেই ধারণা করছেন চলচ্চিত্রপ্রেমীরা। থাকবে বরাবরের মতো রেসিং ফ্যান্টাসিও।