Advertisement

‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ থাকবে জায়েদ খানের চমক

এশিয়া পোস্ট বিনোদন
‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ থাকবে জায়েদ খানের চমক
চিত্রনায়ক জায়েদ খান।

প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বৃহৎ আয়োজন ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। রোববার (২ আগস্ট) জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই মূল আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। একইসঙ্গে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘ এক যুগ পর মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছেন ‘ইতিহাস’ সিনেমাখ্যাত নায়ক কাজী মারুফ ও জায়েদ খান। তাদের পাশাপাশি প্রবাসীদের মাতাতে ঢাকা থেকে উড়াল দিয়েছেন চিত্রনায়ক ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় গায়ক প্রতিক হাসান। তারকাদের এই উপস্থিতি উৎসবজুড়ে প্রবাসী বাঙালিদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি উত্তেজনা।

৩০ জুলাই (প্রথম দিন), প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

৩১ জুলাই (দ্বিতীয় দিন): স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং মিশুক মনির নির্দেশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

১ আগস্ট (তৃতীয় দিন): প্রদর্শিত হবে জায়েদ খান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। পাশাপাশি থাকছে রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’।

২০ ক্যাটাগরিতে পুরস্কার ও বিশেষ সম্মাননা প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে গত তিন বছরের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীদের মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।

পুরস্কারের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ভূমিকার জন্য বায়োস্কোপ ফিল্মস, সিনেমা হলের আধুনিকায়ন ও প্রেক্ষাগৃহমুখী দর্শক ফেরানোর জন্য স্টার সিনেপ্লেক্স এবং সেরা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি-কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।