logo

সৌরভ গাঙ্গুলীর হয়ে ব্যাট ধরলেন রাজকুমার রাও

সৌরভ গাঙ্গুলীর হয়ে ব্যাট ধরলেন রাজকুমার রাও

কিংবদন্তিদের নিয়ে নির্মিত বায়োপিক বরাবরই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকে। এসব বায়োপিকে দর্শকরা তাদের প্রিয় ব্যক্তিত্বকে নতুনভাবে জানতে পারে। এবার ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে বায়োপিক ‘দাদা’। পর্দায় প্রিন্স অব ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ দেখাবেন রাজকুমার রাও। বহুল প্রতীক্ষিত বায়োপিক দাদা’র শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন অভিনেতা।

হিন্দি চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজকুমার রাও শুটিং স্পট থেকে ‘দাদা’র একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ভারতের অন্যতম আইকনিক ক্রিকেট ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলার যাত্রার এক ঝলক দেখা গেছে।

জানা গেছে, সৌরভ গাঙ্গুলীর জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে সব ধরনের চেষ্টা করছেন নির্মাতারা। সে কারণেই নিত্যদিন মাঠে ঘাম ঝরানোর পাশাপাশি হরেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলি অভিনেতাকে। রাজকুমার নিজেই বলেন, ‘আমি দাদার মতো বাঁ হাতি ব্যাটার নই। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে।’ সূত্র: নিউজ এইটিন

রাজকুমার রাওয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পাওয়ার পরপরই ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘অনেক অভিনন্দন।’ শুধু আমভক্তই নয়, নেহা ধুপিয়া, ফারাহ খান, টিস্কা চোপড়াসহ বেশ কয়েকজন তারকারাও অভিনন্দন জানিয়েছেন।

গত বছর রাজকুমার রাও সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছিলেন। এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজকুমার রাও খবরটি নিশ্চিত করে বলেন, “দাদা যেহেতু বলেই দিয়েছেন, আমিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিই। তার মতো কিংবদন্তির বায়োপিকে অভিনয়ের জন্য আমি কিছুটা নার্ভাস। এটা একটা বিশাল দায়িত্ব।’

এ ছাড়া রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রার মজাদার কমেডি ‘টোস্টার’ ১৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এর পর কীর্তি সুরেশের সঙ্গে ‘রাফতার’ করতে যাচ্ছেন রাজকুমার।