শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের তিন সিনেমা

শ্রীলঙ্কার ১২তম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- তিন বিভাগেই বাংলাদেশের নির্মাতাদের এই অংশগ্রহণ দেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচিত চলচ্চিত্র তিনটি হলো পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’, মাখবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’ এবং মোহাম্মদ ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার জাফনা শহরে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।
উৎসবের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগে (ডেবিউ ফিল্মস) নির্বাচিত হয়েছে ‘জয়া আর শারমিন’। এ বিভাগে বিভিন্ন দেশের সাতটি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র চলচ্চিত্র এটি।
বিভাগের অন্য প্রতিযোগীরা হলো ভারতের ‘গণরাগ’, ‘মিউজিয়াম অব ড্রিমস’ ও ‘ভাসারা: দ্য চোজেন ডে’, ভারত ও সৌদি আরবের যৌথ প্রযোজনার ‘সেলভি’, শ্রীলঙ্কার ‘সিলিলারে’ এবং রাশিয়ার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’।
এর আগে গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করে ‘জয়া আর শারমিন’। এবার জাফনা উৎসবের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক পরিসরে ছবিটির যাত্রায় যুক্ত হলো নতুন স্বীকৃতি।
করোনা মহামারির সময় লকডাউনের মধ্যে মাত্র ১৫ দিনে সীমিতসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় ছবিটি। এর গল্পের কেন্দ্রে রয়েছেন দুই নারী- জনপ্রিয় অভিনেত্রী জয়া ও তার গৃহকর্মী শারমিন। লকডাউনে একই বাড়িতে আটকা পড়ার পর বদলাতে থাকে তাদের সম্পর্কের সমীকরণ। নিঃসঙ্গতা, শ্রেণিগত ব্যবধান, পারস্পরিক নির্ভরতা এবং না-বলা অনুভূতির গল্প উঠে এসেছে এতে।
জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। বিশেষ চরিত্রে দেখা গেছে তানজিম সাইয়ারা তটিনীকে। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।
জয়া আহসান, পিপলু আর খান ও আবু শাহেদ ইমনের প্রযোজনায় অ্যাপলবক্স ফিল্মস, সি তে সিনেমা ও গল্পরাজ্য ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। ২০২৫ সালের ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর একই বছরের ২৫ সেপ্টেম্বর চরকিতে প্রদর্শন শুরু হয়।
ছবিটির আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ার বিষয়ে প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন জানিয়েছেন, কলকাতায় স্বীকৃতির পর জাফনা উৎসবের প্রতিযোগিতায় জায়গা পাওয়া তাদের জন্য আনন্দের। একই উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র নির্বাচিত হওয়াকেও তিনি আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। তার মতে, লকডাউনের সময়ের মানবিক সম্পর্কের গল্পটি এবার এ অঞ্চলের দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
এদিকে উৎসবের ‘নিউ এশিয়ান কারেন্টস- প্রামাণ্যচিত্র’ বিভাগে প্রতিযোগিতা করবে মাখবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রের বিষয় দেশের প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন।
এর আগে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি জুরি মেনশন অর্জন করে। জাফনা উৎসবের এই বিভাগে মোট সাতটি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় অংশ নেবে।
অন্যদিকে ‘শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল’ বিভাগে নির্বাচিত হয়েছে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের পরীক্ষামূলক চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। এতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি ও নির্মাতা নিজেই। ছবির নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান।
এই বিভাগে বাংলাদেশ ছাড়াও ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের চলচ্চিত্র অংশ নেবে। সব মিলিয়ে প্রতিযোগিতায় রয়েছে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
২০১৫ সালে যাত্রা শুরু করে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শ্রীলঙ্কার সাংস্কৃতিক সংগঠন এজেন্ডা ১৪ আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য স্বাধীন ধারার চলচ্চিত্রকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ তৈরি করা। নতুন নির্মাতাদের কাজের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্রও গুরুত্ব পায় উৎসবটিতে।
