logo

‘এবার বিষয়টা ব্যক্তিগত’ লিখে ট্রেলার শেয়ার করলেন রণবীর সিং

‘এবার বিষয়টা ব্যক্তিগত’ লিখে ট্রেলার শেয়ার করলেন রণবীর সিং

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার অবশেষে প্রকাশ করা হয়েছে এবং ইতোমধ্যেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির তারিখ ১৯ মার্চ। তার ঠিক দুই সপ্তাহ আগে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা সূত্রে জানা গেছে, রণবীর সিং অভিনীত এই ছবির জন্য ১৮ মার্চ বিশেষ পেইড প্রিভিউ শোর আয়োজন করা হবে। এর ফলে ভক্তরা অফিসিয়াল মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েল ঘিরে তৈরি হওয়া ব্যাপক উত্তেজনাকে কাজে লাগাতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিনেমা ‘ধুরন্ধর’-এর শেষে ‘টু বি কন্টিনিউড’ বার্তা এবং পরবর্তী কিস্তির একটি টিজার দেখানোর পর থেকেই ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়তে থাকে। ফলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ংকর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। পুরো ট্রেলারজুড়েই ছিল রক্তারক্তি, প্রতিশোধ আর ভংয়কর অ্যাকশন।

ট্রেলারটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে রণবীর লেখেন, ‘বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।’ সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা।