logo

তৃষা-সিদ্ধার্থ জুটিকে ফিরিয়ে আনছেন দিল রাজু

তৃষা-সিদ্ধার্থ জুটিকে ফিরিয়ে আনছেন দিল রাজু

দক্ষিণী সিনেমার প্রভাবশালী প্রযোজক দিল রাজু আবারও ফিরিয়ে আনতে যাচ্ছেন তৃষা কৃষাণ ও সিদ্ধার্থকে। ২০০৪ সালে তামিল সিনেমা ‘নুভভাস্তান্তে নেনোদ্দান্তানা’-এর মাধ্যমে তৃষা ও সিদ্ধার্থকে দর্শকমহলে পরিচয় করিয়ে দেন। আর ওই সিনেমার ব্যাপক সাফল্যের মাধ্যমে তারা বড় তারকা হয়ে ওঠেন।

সাম্প্রতিক সময়ে থালাপতি বিজয়কে জড়িয়ে পরকীয়া সম্পর্ক ও বাড়িতে সন্ত্রাসী হামলা নিয়ে তৃষা কৃষাণ খুবই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। দিল রাজুর এই ঘোষণায় তাকে নতুন করে উজ্জীবিত করবে। সিদ্ধার্থও টলিউডে খুব একটা ভালো অবস্থানে নেই। এ দুই তারকার ম্লান ক্যারিয়ারে প্রাণ ফেরাতে আবারও তাদের একসঙ্গে করার ঘোষণা দিলেন দিল রাজু।  
দীর্ঘদিন পর সিদ্ধার্থ ও তৃষা কৃষ্ণাণের পুনরায় ফেরাটা শুধু স্মৃতিচারণ নয়। এটি দিল রাজুর একটি সুচিন্তিত পদক্ষেপ, যার মাধ্যমে প্রায় দুই দশক পর এই জুটিকে ফিরিয়ে এনে তৎকালীন কৈশোরের স্মৃতি পুনরুজ্জীবিত করা যাবে এবং প্রজেক্টটির প্রতিও মনোযোগ আকর্ষণ করা যাবে।

সিদ্ধার্থ বেশ কিছুদিন ধরেই তেলেগুতে একটি ব্লকবাস্টারের সন্ধানে আছেন। অন্যদিকে, তৃষা ব্যস্ত থাকলেও এ মুহূর্তে চর্চিত নাম। এর মধ্যেই দিল রাজু একজন নতুন পরিচালক, একটি নতুন প্রেক্ষাপট এবং এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছেন। বিদেশেই প্রায় পুরো সিনেমার শুটিং সম্পন্ন হলেও রহস্যময় কারণে সিনেমাটির নাম এখনো ঘোষণা করা হয়নি।

দর্শকমহলে উচ্ছ্বাস দেখা দিলেও আসন্ন সিনেমার সাফল্য নিয়েও ধন্ধে আছেন তারা। সমালোচকদের ধারণা, বর্তমান সিনেমার যে চাহিদা, সে পেক্ষাপটে সিদ্ধার্থ-তৃষা জুটির ওপর নির্ভর করে বেশিদূর এগোনো সম্ভব না। তাই সিনেমাটি সফল করে তুলতে হলে দিল রাজুকে অবশ্যই চমক দেখাতেই হবে।