logo

পায়েলের ক্ষোভ

পায়েলের ক্ষোভ
ছবিটি পায়েল সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংগৃহীত

একটা সময় টালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় দেখা গেছে তাকে। বোঝে না সে বোঝে না, প্রেম আমারসহ বহু সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বলছি পায়েল সরকারের কথা। পশ্চিমবঙ্গে শিল্পীদের রাজনৈতিক আনাগোনায় কারও হয়েছে পৌষ মাস কারও বা সর্বনাশ। রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার কিংবা হিরণের মতো শিল্পীরা একটা সময় রাজ্য শাসক দলের তোপের মুখে ছিলেন।

তবে সময় বদলেছে। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এই শিল্পীরা এখন আলোচনার কেন্দ্র। দুজন তো হয়েছেন বিধায়ক। পায়েল সরকারকেও বিভিন্ন অনুষ্ঠানে সরব হতে দেখা গেছে।

রূপা গাঙ্গুলি ও পাপিয়া অধিকারীরাই তো এখন ক্ষমতার কেন্দ্র।

সম্প্রতি ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পায়েল সরকার। তিনি বলেন, আগে আমাকে টালিউডের সব অনুষ্ঠানে ডাকা হতো, তা-ও নয়। কিছু কিছু জায়গায় আমারই যাওয়া হয়ে উঠত না, এটাও ঠিক। আবার আমাকে আমন্ত্রণও জানানো হয়নি বহু জায়গায়।

পায়েল বলেন, আমি মনে করি রাজনীতির সঙ্গে শিল্পের যোগ থাকা উচিত নয়। আমার সঙ্গেই বহু বার এমন হয়েছে। হয়তো লুকসেটের জন্য বের হচ্ছি বাড়ি থেকে কিংবা কথা বলতে যাচ্ছি। বের হওয়ার ঠিক আগে ফোন এলো যে, পরে জানানো হবে। পরে দেখলাম আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।

নিজের পারিশ্রমিক বাড়ানো নিয়ে এই নায়িকা বলেন, পারিশ্রমিক পর্যন্ত কথা চলার আগেই বাদ দিয়ে দেওয়া হতো। আর ২০১৬ সালে যে পারিশ্রমিক আমি পেতাম, সেই পারিশ্রমিক তো এখন নেব না।