logo

হলিউডে বছরজুড়ে ধামাকা

হলিউডে বছরজুড়ে ধামাকা

শ্বাসরুদ্ধকর অ্যাকশন, অ্যাডভেঞ্চার, অভাবনীয় ভিজ্যুয়াল ইফেক্টস, বিপুল বাজেট, গল্প বলার শৈলী এবং বৈচিত্র্যময়তার জন্য অনন্য হলিউড সিনেমা। বছরের শুরু থেকেই সিনেপ্রেমীরা উন্মুখ থাকেন কখন পর্দায় আসবে রোমান্টিক, থ্রিলার বা ধুমধাড়াক্কা অ্যাকশন সিনেমা। এ বছরের শুরু থেকেই বেশ কিছু সিনেমা বাজিমাত করেছে। চলচ্চিত্র অঙ্গনকে স্মরণীয় করতে আরও সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। একদিকে যেমন রয়েছে ক্রিস্টোফার নোলানের রহস্যময় নতুন প্রজেক্টের অপেক্ষা, অন্যদিকে মার্ভেল এবং স্টার ওয়ারসের মতো মেগা ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রত্যাবর্তন। বিশেষ করে বছরের শেষ দিকে বক্স অফিসে যে লড়াই হতে যাচ্ছে, তা আগে কখনও দেখেনি দর্শক। নতুন বছরে পর্দা কাঁপানোর অপেক্ষায় থাকা কিছু সিনেমা নিয়ে এবারের আয়োজন।

প্রজেক্ট হেইল মেরি


বিজ্ঞান কল্পকাহিনির দুনিয়ায় আবারও ঝড় তুলতে সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট হেইল মেরি’ আসছে ২০ মার্চ। বিশ্বখ্যাত লেখক অ্যান্ডি উইয়ারের বহুল জনপ্রিয় সায়েন্স ফিকশন উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সিনেমা। পৃথিবীবাসী এক প্রাণঘাতী হুমকির মুখে। দুনিয়াকে বাঁচাতে ‘হেইল মেরি’ মহাকাশযানকে পাঠানো হয়েছে দূর গ্যালাক্সিতে। সেখানে একাকী রাইল্যান্ড গ্রেসের ঘাড়েই চেপেছে দায়িত্ব। ‘দ্য মার্শিয়ান’ খ্যাত লেখক অ্যান্ডি উইয়ার তার উপন্যাসে মহাজাগতিক রহস্যের এক অজানা অধ্যায় উন্মোচন করেন। সেই চিত্রনাট্য অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি। পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে মূল চরিত্রে থাকছেন রায়ান গসলিং ও সান্দ্রা হুলার। প্রযুক্তি ও মহাকাশে আগ্রহীরা সিনেমাটি দেখতে উন্মুখ হয়ে আছেন।

দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু

আবার দেখা যাবে ম্যান্ডালোরিয়ান ও তার শিষ্য গ্রোগুকে
‘স্টার ওয়ারস’ ভক্তদের প্রিয় চরিত্র ম্যান্ডালোরিয়ান ও তার শিষ্য গ্রোগু বড়পর্দায় হাজির হচ্ছেন এ বছর। দুষ্ট সাম্রাজ্যের পতন এবং সাম্রাজ্যবাদী যুদ্ধবাজরা ছড়িয়ে-ছিটিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের ছায়াপথজুড়ে। নতুন প্রজাতন্ত্রকে সাহায্য করতে গুরু-শিষ্য একটি নতুন মিশনে বের হয়। সেই মিশনের চূড়ান্ত ফল দেখা যাবে আগামী ২২ মে। জন ফাভ্রো পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার এ সিনেমাটি গ্রীষ্মকালীন বক্স অফিসে বড় ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন পেদ্রো পাসকেল, মার্টিন স্কোরসেস ও জেরেমি অ্যালেন হোয়াইট। ম্যান্ডালোরিয়ানের গল্পের বহুল প্রত্যাশিত পরবর্তী অধ্যায়ের প্রথম লুক প্রকাশ পেয়েছে। সেখানে ডিন জারিন ও গ্রোগুর পরবর্তী অভিযানের ঝলক দেখা যায়।

টয় স্টোরি ৫

অ্যানিমেশন মুভি পছন্দ করেন সব শ্রেণির দর্শকই
আমেরিকান সিনে ফ্র্যাঞ্চাইজি পিক্সার তাদের জনপ্রিয় অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি সিনেমা ‘টয় স্টোরি’ নিয়ে আবারও হাজির হচ্ছে পর্দায়। সিনেমাটির পঞ্চম কিস্তি আসবে আগামী ১৯ জুন। এ উডি, বাজ এবং অন্যান্য খেলনার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আধুনিক ইলেকট্রনিক গ্যাজেটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাজ লাইটইয়ার, উডি, জেসি তাদের অস্তিত্ব রক্ষায় মুখোমুখি হবে লিলিপ্যাড নামক একটি ট্যাবলেট কম্পিউটারের বিপক্ষে। অ্যান্ড্রু স্ট্যান্টন পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে এখনই উন্মাদনা তুঙ্গে। অ্যানিমেশন মুভি শুধু ছোটরাই নয়, বড়দেরও আকৃষ্ট করে। সব শ্রেণির দর্শকই উপভোগ করে এ ধরনের সিনেমা। 

সুপারগার্ল : ওমেন অব টুমোরো

বড় আকর্ষণ থাকছে ‘সুপারগার্ল: ওমেন অব টুমোরো’তে
২০২৬ সালে ডিসি ইউনিভার্সের বড় ধামাকা ‘সুপারগার্ল : ওমেন অব টুমোরো’ রুপালি পর্দায় আসতে যাচ্ছে আগামী ২৬ জুন। কারা জোর-এল তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে গ্যালাক্সিজুড়ে ভ্রমণ করে ২৩তম জন্মদিন উদযাপন করে। পথে রুথি মেরি নামের এক তরুণীর সঙ্গে দেখা হলে আনাকাঙিক্ষত এক ট্র্যাজেডির মুখোমুখি হয় সে। সেই ঘটনা তাকে ‘প্রতিশোধের জন্য খুনের সন্ধানে’ নিয়ে যায়। টম কিং ও বিলকুইস এভেলির বিখ্যাত কমিক বুক সিরিজ ‘সুপারগার্ল : ওম্যান অব টুমরো’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। মিলি অ্যালকক অভিনীত এ সিনেমাটি প্রথাগত সুপারহিরো গল্পের চেয়ে কিছুটা গম্ভীর হবে। সায়েন্স ফিকশনের সঙ্গে ‘ওয়েস্টার্নে’র মিশেলে নির্মিত সিনেমাটির ট্রেলার দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।

মোয়ানা-লাইভ অ্যাকশন

অ্যানিমেটেড ‘মোয়ানা’ এবার দেখা যাবে লাইভ-অ্যাকশনে
ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘মোয়ানা’-এর লাইভ-অ্যাকশন সংস্করণ তৈরি করছে, যা ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে। বিশ্বব্যাপী সব শ্রেণির দর্শকের কাছে সাড়া জাগানো সিনেমাটি মোয়ানা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এতে মোয়ানার ভূমিকায় ক্যাথরিন লাগাইয়া এবং মাউই চরিত্রে দ্য রক খ্যাত ডোয়াইন জনসন অভিনয় করবেন। অ্যানিমেটেড গল্পের মতোই সমুদ্রের ডাক শুনে মোয়ানা তার দ্বীপ মোতুনুই ছেড়ে মহাকালে যাত্রা শুরু করবে। আর তার সঙ্গে এ যাত্রায় থাকবে মাউই। সব বাধা পেরিয়ে দেবতা মাউইয়ের সঙ্গে দেখা হবে। আর তার সম্প্রদায়ের মঙ্গল পুনরুদ্ধারে সক্ষম হবে।

দ্য ওডিসি

অ্যাকশন ফ্যান্টাসি ‘দ্য ওডিসি’ দেখতে উন্মুখ দর্শকরা
এ বছর মহাকাব্যিক অ্যাকশন ফ্যান্টাসি চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ নিয়ে আসছেন অস্কার মনোনীত পরিচালক ক্রিস্টোফার নোলান। নোলানের কাজ মানেই প্রেক্ষাগৃহে আইম্যাক্স ক্যামেরার জাদু। হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় থাকবেন ম্যাট ডেমন, টম হল্যান্ড ও অ্যান হ্যাথাওয়ে। এটি ১৭ জুলাই মুক্তি পাবে। সম্প্রতি ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত এই সিনেমার প্রথম টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল। টিজার আসার পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে হাইপ উঠেছে। কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউসের ভূমিকায় থাকবেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বন্ধুর পথে নিজের দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি।

স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে

স্পাইডারম্যানকে দেখা যাবে হল্যান্ড ও জেনডেয়াকে
সনি এবং মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যানের চতুর্থ পর্ব ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ বড়পর্দা কাঁপাতে আসছে ৩১ জুলাই। দর্শকের চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমায় টম হল্যান্ড আবারও ফিরছেন পিটার পার্কার হিসেবে। পাশাপাশি থাকছেন জেনডেয়া। এ সিনেমায় স্পাইডারম্যানের সঙ্গে থাকছেন ‘হাল্ক’ও। যে চরিত্রে আরও একবার দেখা যাবে মার্ক রাফালোকে। সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মার্ভেল অনুরাগীদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে অনেক আগেই। সিনেমাটি পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যিনি ‘সাং চি’ পরিচালনা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।

ডিউন: পার্ট থ্রি

‘ডিউন: পার্ট থ্রি’ দিয়ে ফ্র্যাঞ্চাইজির পরিসমাপ্তি
ফ্রাঙ্ক হার্বার্টের ‘ডিউন’ উপন্যাসের তৃতীয় অংশ ‘ডিউন ম্যাসেয়ার’-এর কাহিনি নিয়েই নির্মিত হতে যাচ্ছে ‘ডিউন: পার্ট থ্রি’। ডিউনের এই কিস্তি দিয়েই পল অ্যাট্রেইডিসের মহাকাব্যিক সফরের পরিসমাপ্তি হতে যাচ্ছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টিমথি শ্যালামে, জেনদয়া, জেসন মামোয়া প্রমুখ। বছরের শেষ দিকে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এই সিনেমায় পল অ্যাট্রেইডিসের চরিত্রে অভিনয় করেন টিমোথি চালামেট। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অতিমানব শাসক হওয়ার পথে এক পুরুষের কঠিন যাত্রাকে বাস্তবের মতো  ফুটিয়ে তুলেছেন টিমোথি।

অ্যাভেঞ্জার্স : ডুমসডে

বছরের শেষ চমক অ্যাভেঞ্জার্স চমক দিয়ে
মার্ভেল কমিক্সের সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের আরেকটি যুদ্ধ দেখা যাবে এই বছরের ১৮ ডিসেম্বর থেকে সিনেমার পর্দায়। আমেরিকান সুপারহিরো ‘ডক্টর ডুম’ হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন এবং রুশো ব্রাদার্সের পরিচালনা—সব মিলিয়ে বছরের শেষ দিকে এটি বক্স অফিস রেকর্ড ওলটপালট করতে আসছে। বহুল আকাঙ্ক্ষিত এই সুপারহিরো সিরিজে অ্যাভেঞ্জার্স, ওয়াকান্ডানস, ফ্যান্টাসটিক ফোর, নিউ অ্যাভেঞ্জার্স ও এক্সম্যান অস্তিত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ডুমের। সিনেমাটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো, ২০২২ সালের পর আবারও ফিরে আসছেন বিখ্যাত সুপারহিরো থর। ‘লাভ অ্যান্ড থান্ডারের’ পর প্রথমবারের মতো ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে থরের দেখা হবে বছরের শেষে।