হঠাৎ কেন ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান

‘বিয়িং দ্য সালমান খান’ নামের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন বলিউড ভাইজান সালমান খান। শুধু বড় পর্দায় কিংবা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেই নন, এর মাধ্যমে ডিজিটাল জগতেও আত্মপ্রকাশ করলেন তিনি। তবে দর্শক মনে এখন একটাই প্রশ্ন হঠাৎ কেন ইউটিউব চ্যানেল খুললেন এ তারকা! যার উত্তর দিয়েছেন সালমান নিজেই।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেলটি নিয়ে খোলামেলা কথা বলেছেন সালমান। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, আমি বুঝতে পারছি যে কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়, তবে আপনাদের বুঝতে হবে এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’
চ্যানেলটির পেছনের মূল ভাবনা ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, ‘দেখা যাক এটি কীভাবে এগোয়, বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি-মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি।’
চ্যানেলটি চালুর পরপরই ভক্তদের কাছ থেকে সাড়া পেয়েছে। ইতোমধ্যে এর সাবস্ক্রাইবার সংখ্যা ৯৭ হাজার ৪০০ ছাড়িয়েছে। এর মাধ্যমে সিনেমার বাইরেও প্রিয় তারকার সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাচ্ছেন ভক্তরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া