logo

দেশভাগের গল্প ‘আজাদি’ নিয়ে টলিপাড়ায় চঞ্চল

দেশভাগের গল্প ‘আজাদি’ নিয়ে টলিপাড়ায় চঞ্চল

এপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী টলিপাড়ায়ও সমান জনপ্রিয়। এবারের ঈদে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে তিনি সেই ঈদের উৎসবে শামিল হতে পারছেন না। দেশভাগের গল্প নিয়ে টলিউডের সিনেমা ‘আজাদি’ নিয়ে এ মুহূর্তে তিনি ব্যস্ত। কলকাতায় সিনেমাটির শুটিং চলছে পুরোদমে।

সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘আজাদি’ সিনেমাটিতে চঞ্চল কোন চরিত্রে অভিনয় করবেন, তা ধোঁয়াশায় রেখেছেন নির্মাতারা। তবে চরিত্রটি যে অভিনেতার কাছে বিশেষ, সেটা তার কথাতেই স্পষ্ট। তবে জানা যায়, চঞ্চলের চরিত্রটি সেলিমুল্লা নামে এক মুসলিম পুলিশ অফিসারের। পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেও অবস্থান করছে চরিত্রটি।

‘আজাদি’ প্রসঙ্গে চঞ্চল বলেন, এটি মূলত দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এক আবেগঘন গল্প, যেখানে ব্যক্তিগত জীবন ও বৃহত্তর ইতিহাস একসঙ্গে মিশে যায়। গল্পটি তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলে জানান। অভিনেতার বিশ্বাস, এই ছবি দর্শকের মনেও একইভাবে সাড়া ফেলতে পারে।

কলকাতায় যখন চঞ্চল চৌধুরী শুটিং নিয়ে ব্যস্ত, তখন দেশে ঈদে মুক্তি পেয়েছে তার একাধিক ছবি। দম, বনলতা এক্সপ্রেস ও প্রেশার কুকার দিয়ে এবারের ঈদ বাজারে তার রমরমা অবস্থা। শিগগির মুক্তি পাবে একটি সাত পর্বের টেলিভিশন সিরিজ।

এক ঐতিহাসিক গল্পের পটভূমিতে নির্মিত ‘আজাদি’ কতটুকু প্রতিশ্রুতি পূরণ করতে পারবে—তা সময়ই বলে দেবে।