নব্বইয়ের দশকের গেমের জগৎ থেকে বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’, বাংলাদেশে মুক্তি আজ

জনপ্রিয় ভিডিও গেমের পরিচিত চরিত্রগুলো এবার হাজির হচ্ছে বড় পর্দায়। সবুজ ত্বকের ব্ল্যাঙ্কা হয়ে দেখা দেবেন হলিউড অভিনেতা জেসন মোমোয়া। ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল অভিনয় করেছেন ধালসিম চরিত্রে। আর আকুমার ভূমিকায় রয়েছেন রেসলিং তারকা রোমান রেইন্স।
এসব অভিনেতাদের নিয়ে নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা ‘স্ট্রিট ফাইটার’
আজ শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে।
ক্যাপকমের জনপ্রিয় লড়াইভিত্তিক ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। এতে গেমের পরিচিত যোদ্ধাদের বাস্তব অভিনয় ও অ্যাকশনের মধ্য দিয়ে পর্দায় তুলে ধরা হয়েছে।
ছবির প্রধান চরিত্র রিউর ভূমিকায় অ্যান্ড্রু কোজি এবং কেন মাস্টার্সের চরিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও। চুন-লির ভূমিকায় রয়েছেন ক্যালিনা লিয়াং।
সিনেমার গল্পের পটভূমি ১৯৯৩ সাল। একসময় ঘনিষ্ঠ থাকা দুই যোদ্ধা রিউ ও কেন মাস্টার্সের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে রহস্যময়ী চুন-লির আহ্বানে তারা আবারও লড়াইয়ের ময়দানে ফেরেন। অংশ নেন ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এ, যেখানে তাদের মুখোমুখি হতে হয় শক্তিশালী প্রতিপক্ষদের।
তবে এই প্রতিযোগিতা শুধু শক্তি ও লড়াইয়ের কৌশল প্রদর্শনের আয়োজন নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে প্রাণঘাতী এক ষড়যন্ত্র। সেই রহস্যের জট খুলতে গিয়ে রিউ ও কেনকে নিজেদের অতীতের মুখোমুখি হতে হয়। একপর্যায়ে তাদের লড়াই করতে হয় একে অপরের বিরুদ্ধেও।
ছবিটির অন্যতম আকর্ষণ এর তারকাবহুল অভিনয়শিল্পী দল। ব্ল্যাঙ্কা চরিত্রে জেসন মোমোয়ার রূপ ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে ধালসিমের চরিত্রে বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি ভারতীয় দর্শকদের আগ্রহ বাড়াতে পারে। অ্যাকশনধর্মী সিনেমায় দক্ষতার জন্য পরিচিত এই অভিনেতার নতুন চরিত্রটিও ছবিটির আলোচনার একটি বড় বিষয়।
রেসলিং অঙ্গনের পরিচিত মুখ রোমান রেইন্স অভিনয় করেছেন আকুমা চরিত্রে। গাইলের ভূমিকায় রয়েছেন আরেক রেসলিং তারকা কোডি রোডস। এ ছাড়া এম বাইসনের চরিত্রে ডেভিড ডাস্টমালচিয়ান এবং বালরগের ভূমিকায় সংগীতশিল্পী ও অভিনেতা কার্টিস ‘ফিফটি সেন্ট’ জ্যাকসন অভিনয় করেছেন।
‘স্ট্রিট ফাইটার’ গেম সিরিজের জনপ্রিয়তার বড় কারণ এর বিচিত্র সব চরিত্র ও তাদের নিজস্ব লড়াইয়ের কৌশল। হাডুকেনের মতো বিশেষ আক্রমণ কিংবা ঘূর্ণায়মান লাথির মতো পরিচিত কৌশলগুলো সিনেমায় কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে।
নির্মাতাদের লক্ষ্য, গেমের সেই চেনা জগৎকে বাস্তব অভিনয়, মার্শাল আর্ট ও বড় পর্দার অ্যাকশনের সমন্বয়ে দর্শকদের সামনে তুলে ধরা। ক্যাপকমের গেম অবলম্বনে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ও ক্যাপকম। যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশনা করছে প্যারামাউন্ট পিকচার্স।
গেমের পুরোনো ভক্তদের কাছে পরিচিত চরিত্রগুলোকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করবে ছবিটি। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকেরাও এই জগতের সঙ্গে পরিচিত হতে পারবেন। তবে গেমের জনপ্রিয়তা সিনেমার পর্দায় কতটা ধরে রাখতে পারবে ‘স্ট্রিট ফাইটার’, সেই উত্তর মিলবে দর্শকদের প্রতিক্রিয়ায়।

