logo

বাধা পেরিয়ে মুক্তির অপেক্ষায় ‘হ্যারি ওম’

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বাধা পেরিয়ে মুক্তির অপেক্ষায় ‘হ্যারি ওম’
সৌম্য মুখার্জী, কিংশুক দে ও মৌমিতা হরি। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

সিনেমার শুটিংয়ে নানা ধরনের প্রতিকূলতা ও বাধা পেরোতে হয় নির্মাতা ও অভিনয়শিল্পীদের। তবে পর্দায় সিনেমাটি দেখার সময় সেই গল্পের খুব কমই জানতে পারেন দর্শক। এমনই নানা বাধার মুখে পড়েছিল নির্মাতা কিংশুক দে-র নতুন সিনেমা ‘হ্যারি ওম’।

কিংশুক দে ও সুরজিত সাহেব মুখোপাধ্যায়ের ভাবনায় সিনেমাটি পরিচালনা করেছেন তারক দাস। ২০২৫ সালে শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। তবে শুটিং শুরুর পর থেকেই নানা কারণে বারবার বাধার মুখে পড়তে হয় নির্মাতাদের। এমনকি মাঝপথে বন্ধও হয়ে যায় শুটিং।

নির্মাতাদের ভাষ্য, সিনেমার বিষয়বস্তু নিয়ে আপত্তি ওঠায় শুরু থেকেই নানা জটিলতার মুখে পড়তে হয়েছিল তাদের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তারা। এরপরও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হয়।

অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য জানান, অনেক কষ্ট করে সিনেমাটির কাজ শেষ করেছেন তারা। শুটিংয়ের শেষ দিনও কাজ বন্ধ করে দেওয়ার কথা জানতে হয়েছিল তাদের। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সিনেমাটি শেষ করা হয়।

এর আগে ২০২৪ সালে কিংশুক দে পরিচালিত ‘দ্য রেড ফাইলস’ সিনেমাটিও সরকারি ও বেসরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় সমস্যার মুখে পড়েছিল বলে জানিয়েছেন নির্মাতারা। তাদের দাবি, বাস্তবধর্মী বিষয় তুলে ধরার কারণেই ‘হ্যারি ওম’ নির্মাণের সময়ও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে।

সিনেমাটির গল্প হরিসাধন দাস নামের এক ব্যক্তিকে ঘিরে। জীবনে একের পর এক ব্যর্থতা, চাকরি হারানো এবং ভালোবাসার মানুষকে হারানোর পর হরির ধারণা হয়ে যায়- তার জীবনের প্রায় সব সমস্যার জন্যই দায়ী ভগবান। তার মুখে বারবার শোনা যায়, ‘সব দোষ ভগবানের।’

এমন সময় হরির জীবনে হাজির হন ভগবানের এক কাউন্সিলর। এরপরই বদলাতে শুরু করে তার জীবন। কল্পনা, হাস্যরস ও বিনোদনের মোড়কে বাস্তব জীবনের নানা কঠিন বিষয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

‘হ্যারি ওম’-এ অভিনয় করেছেন সৌম্য মুখার্জী, মৌমিতা হরি, বিশ্বনাথ বসু, অরিজিৎ দত্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শান্তনু ঘোষ, কৌশিকী, প্রতীক শর্মা, স্বাতী মুখার্জী, সৌমেন দত্ত, অঙ্কুর রায়, দীপঙ্কর ও কিংশুক দে।

সিনেমাটির গল্প লিখেছেন কিংশুক দে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কিংশুক দে ও ঐশিক। কলকাতা টকিজ, আউরা এন্টারটেইনমেন্ট ও সিং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

সব প্রতিকূলতা পেরিয়ে এবার দর্শকদের সামনে আসার অপেক্ষায় ‘হ্যারি ওম’।

সূত্র: এবিপি আনন্দ