logo

ধীরে এগোচ্ছে পবন-শ্রীলীলার ‘উস্তাদ ভগত সিং’

ধীরে এগোচ্ছে পবন-শ্রীলীলার ‘উস্তাদ ভগত সিং’

ঈদে ভারতীয় সিনেমার সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তার ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার পবন কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’। কিছুটা ধীর হলেও ঈদের বাজারে পবন কল্যাণ, শ্রীলীলা ও রাশি খান্নার সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০ কোটি রুপি।

দক্ষিণী তারকা পবন কল্যাণের অ্যাকশনধর্মী বিনোদনমূলক সিনেমা ‘উস্তাদ ভগত সিং’ তৃতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিস থেকে ৯.১৫ কোটি রুপি সংগ্রহ করেছে। তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটির দর্শক উপস্থিতি ৩৬ শতাংশের মতো। এ মুহূর্তে ‘ধুরন্ধর’ ঝড়ে কাঁপছে ভারতীয় সিনেমা অঙ্গন। এরই মধ্যে তেলেগু সিনেমাটি ঢিমেতালে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী সংগ্রহ ৭১.৬৭ কোটি রুপি।

১৯ মার্চ উগাদির বিশেষ উৎসব উপলক্ষে মুক্তি পেয়েছিল পবন কল্যাণের সিনেমা। উৎসবের কারণে প্রথম দিন প্রেক্ষাগৃহে প্রচুর ভিড় দেখা গিয়েছিল। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। তবে এখন ছবিটির আসল পরীক্ষা শুরু।

‘উস্তাদ ভগত সিং’ পরিচালনা করেছেন হরিশ শঙ্কর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, রাশি খান্না ও শ্রীলীলা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আর. পার্থিবন, আশুতোষ রানা, নবাব শাহ, রাজীব কানাকলা, পোসানি কৃষ্ণ মুরলিসহ অনেকে। এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ ও এস থামান।

একজন কঠোর এবং সৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। সিনেমাটির অ্যাকশন ও সংলাপ ভক্তদের বিনোদন দিয়েছে। সাধারণ দর্শকদের উদ্দেশে সংলাপগুলো সাজানো হয়েছে। যদিও সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এখন দেখার বিষয়—ধুরন্ধরের ধুন্ধমারের মধ্যে সিনেমাটি কেমন আয় করে আর দর্শকপ্রিয়তা পায়।