স্টাইলে গৌরীর নীরব রাজকীয়তা

সাধারণ একটি স্যালুন ভিজিটও কখন যে ফ্যাশনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার উজ্জ্বল উদাহরণ শাহরুখপত্নী গৌরী খান। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এই প্রযোজক ও খ্যাতিমান ইন্টেরিয়র ডিজাইনার আবারও প্রমাণ করলেন স্টাইল মানে শুধু জাঁকজমক নয়, বরং পরিমিত সৌন্দর্যের নিখুঁত প্রকাশ।
খবর: বলিউড হাঙ্গামা
সেদিনের আউটিং ছিল একেবারেই সাধারণ, কিন্তু গৌরীর উপস্থিতি সেটিকে মুহূর্তেই রূপ দেয় এক বিলাসী ফ্যাশন মোমেন্টে। আরামদায়ক পোশাকের সঙ্গে অভিজাত অ্যাকসেসরির সূক্ষ্ম মেলবন্ধনে তিনি যেন নিজের স্টাইলকে আরও একবার তুলে ধরেন। অবাক করা বিষয়, এই সহজ-সরল লুকের মোট মূল্য প্রায় ২৫.২ লাখ রুপি, যেখানে একত্র হয়েছে বিশ্বখ্যাত কয়েকটি বিলাসবহুল ব্র্যান্ডের অনন্য সমন্বয়।
গৌরীর এই লুকের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল তার হাতে ধরা উজ্জ্বল লাল হ্যান্ডব্যাগটি। এটি ফ্রান্সের বিখ্যাত ব্র্যান্ড হারমেসের অত্যন্ত জনপ্রিয় কনস্ট্যান্স মিনি ড্যান্সিং ফ্লাওয়ার মিরর সুইফট ব্যাগ। বিরল এই ব্যাগটির মূল্য প্রায় ২৩ লাখ ২৮ হাজার ৫০০ রুপি, যা পুরো লুকটিকে এনে দিয়েছে এক অনন্য বিলাসী আভা।

স্টেটমেন্ট ব্যাগটির সঙ্গে ভারসাম্য রাখতে গৌরী বেছে নিয়েছিলেন সরল অথচ রুচিশীল পোশাক। তিনি পরেছিলেন তিনি পরেছিলেন স্পর্টি অ্যান্ড রিচ-এর একটি পকেট এমব্রয়ডার্ড টপ, যার মূল্য প্রায় ২৫ হাজার ৫০০ রুপি। এর সঙ্গে ছিল স্টেল্লা ম্যাককার্টনি-এর একটি ডেনিম স্কার্ট। এই স্কার্টটির মূল্য প্রায় ৮৩ হাজার ৫০০ রুপি।

পোশাকের সঙ্গে পায়ের সাজেও ছিল একই রকম শৈল্পিক সরলতা। তিনি বেছে নিয়েছিলেন টডসের লেজার-কাট লেদার স্যান্ডাল, যার দাম প্রায় ৮২ হাজার ৫০০ রুপি।

ফ্যাশনের বাইরেও গৌরী খান নিজস্ব দক্ষতায় গড়ে তুলেছেন শক্তিশালী এক পরিচয়। একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তিনি বহু তারকা ও বিলাসবহুল স্থাপনার নকশা তৈরি করেছেন। পাশাপাশি তিনি তার স্বামী বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট-এর সঙ্গেও যুক্ত।
সব মিলিয়ে, গৌরী খান যেন আধুনিক গ্ল্যামার ও রুচিশীলতার এক অনন্য প্রতিচ্ছবি। যেখানে সরলতার আড়ালেও লুকিয়ে থাকে রাজকীয় আভিজাত্য।