আল্লু অর্জুনের সম্পত্তি বলায় ক্ষুব্ধ সীরাত

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, মডেল, কোরিওগ্রাফার সীরাত কাপুরের একটি মন্তব্য ও ছবি ঘিরে তোলপাড় নেট দুনিয়া। আবেদনময়ী এই অভিনেত্রী সম্প্রতি ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের জন্মদিনে তার ব্যক্তিগত জেটে তোলা ছবি শেয়ার করেছেন। সেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশ পেয়েছে। এরপরই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ট্রল।

আল্লু অর্জুনের সঙ্গে তোলা ছবিটি পোস্টের পরই সোশ্যাল মিডিয়া ঝড় ওঠে। অনেকে তাদের বন্ধুত্বের প্রশংসা করলেও কেউ কেউ সীরাত কাপুরকে ‘আল্লু অর্জুনের সম্পত্তি’ বলে কটাক্ষ করে। এত প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সেই কটাক্ষের কড়া জবাব দেন ‘রান রাজা রান’ অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে নারীবিদ্বেষের নিন্দা জানিয়েছেন অভিনেত্রী। নারীদের প্রতি সম্মানজনক আচরণের আহ্বান জানিয়ে তিনি লেখেন—‘একজন নারী কখনোই কারও সম্পত্তি নয়...।’
প্রতিবাদী ভাষায় তিনি আরও লেখেন, ‘নারী তার নিজস্ব সত্তা, নিজস্ব পরিচয়, স্বপ্ন এবং কণ্ঠস্বর নিয়ে একজন ব্যক্তি। মর্যাদার সঙ্গে প্রশংসা করুন, মালিকানার সঙ্গে নয়। ভালো থাকবেন।’
মুম্বাইয়ে জন্মগ্রহণ করা সীরাত কাপুর অভিনয় জীবনের ব্যস্ততার কারণে গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করতে পারেননি। ২০১৪ সালের তেলেগু ছবি ‘রান রাজা রান’র মাধ্যমে বড় পর্দায় পদার্পণ। সীরাত রণবীর কাপুরের ‘রকস্টার’-এ সহকারী কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। পরে টাইগার, কলম্বাস, রাজু গারি গাধি ২, ভামকালাপম ২, মানামেসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।