logo

নির্মাতা জাফর পানাহির কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

নির্মাতা জাফর পানাহির কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
খ্যাতনামা ইরানি নির্মাতা জাফর পানাহি। ছবি: গেটি ইমেজ

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ও অস্কার মনোনীত খ্যাতনামা ইরানি নির্মাতা জাফর পানাহি। তার বিরুদ্ধে নিজ দেশে নতুন এক মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। পরিচালকের অনুপস্থিতিতে এবং তাকে কোনো নোটিশ না দিয়েই আদালত এই রায় ঘোষণা করা হয়। খবর: ইউরো নিউজ

নতুন এই সাজার পাশাপাশি পানাহির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানান, গত সপ্তাহে হঠাৎ পরিচালকের ব্যাংক হিসাবগুলো জব্দ করা হলে তারা প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে এই রায়ের কথা জানতে পারেন। মামলার নথিতে পানাহি ইরানের বাইরে আছেন বলা হলেও আইনজীবী দাবি করেছেন যে ৯৮তম অস্কার অনুষ্ঠানের পরপরই, ২০২৬ সালের ৩০ মার্চ তিনি নিজ দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও কীভাবে তার অনুপস্থিতিতে রায় দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইরান সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা চলতি বছরের জুনে আদালত বহাল রাখেন। নতুন রায়সহ তার মোট কারাদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে ছয় বছর এক মাস। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

দীর্ঘ দুই দশক ধরে ইরানি কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন পানাহি। তার পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ চলচ্চিত্রটি ২০২৫ সালে কানের সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’ ওর’ জেতে এবং অস্কারে ফ্রান্সের হয়ে চূড়ান্ত মনোনয়ন পায়।