logo

থালাপতি বিজয়ের সিনেমা ফাঁসকাণ্ডে ছয়জন গ্রেপ্তার

থালাপতি বিজয়ের সিনেমা ফাঁসকাণ্ডে ছয়জন গ্রেপ্তার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গুরুত্বপূর্ণ গান অনলাইনে ফাঁস করার অভিযোগে তামিলনাড়ু সাইবার ক্রাইম উইং ছয়জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ৩০০টিরও বেশি ভিডিও লিঙ্ক ব্লক করে অনলাইন থেকে সরানো হয়েছে।

গত ৯ এপ্রিল থালাপাতি বিজয়ের বিদায়ী সিনেমার বেশ কিছু ক্লিপ ও কিছু ক্ষেত্রে পুরো সিনেমাটিই ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। অনুমতি ছাড়া একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি শেয়ার করায় নির্মাতা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে তদন্ত সূত্রে জানা যায়, অভিযুক্তরা পাইরেটেড কন্টেন্ট ছড়ানোর জন্য ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম এবং শেয়ারড ড্রাইভ লিঙ্ক ব্যবহার করেছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়েছে। তারা এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

অভিনেতা থালাপাতি বিজয় এই তথ্যফাঁসের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর রাজনৈতিক প্রচারে ব্যস্ত।

গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়। মুক্তির আগে ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং দেখেই বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি। এবার ভিডিও ফাঁসের অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছে এইচ বিনোদ পরিচালিত সিনেমাটি।

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। পর্দার হিরো থালাপতি বিজয় কীভাবে তার বাস্তব জীবনের সব সমস্যার মোকাবিলা করবেন—সেটাই দেখার বিষয়।