কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ আগামী ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে।
বাংলাদেশি সিনেমার পাইওনিয়র আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’। যাতে, পৃথিবী বিখ্যাত সিনেমা চেইন AMC (USA)-এর স্ক্রিন সংখ্যা ২১টি, Regal (USA)-এর স্ক্রিন সংখ্যা ১৪টি, Cineplex (Canada)-এর স্ক্রিন সংখ্যা ১০টি, Cinemark (USA)-এর স্ক্রিন সংখ্যা ২টি, Showcase (USA)-এর স্ক্রিন সংখ্যা ১টি, Cineworld (UK)-এর স্ক্রিন সংখ্যা ৪টি। যুক্তরাজ্যে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে রেভেরি ফিল্মস।
কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘উৎসব’ দেশে-বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি। এখানে আপনাদের জন্য বোনাস হিসেবে আছে কিংবদন্তি হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’-এর কাহিনি নিয়ে নির্মাণ করেছি সিনেমাটি।
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার চাহিদা আমরা তৈরি করেছি সেটাকে আরও ওপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর ‘উৎসব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য। হুমায়ূন আহমেদের চরিত্রদের বিশ্বভ্রমণে প্রথম সপ্তাহে ‘উৎসব’-এর চেয়ে ১৫টি থিয়েটার বেশি পেল ‘বনলতা এক্সপ্রেস’। এর সঙ্গে আগামী ১০ এপ্রিল এলএ, কানেক্টিকাট, অস্টিনসহ আরও ৪টি থিয়েটার যোগ হওয়ার কথা আছে। আশা করছি, ‘উৎসব’-এর আগের রেকর্ড ভাঙবে ‘বনলতা এক্সপ্রেস’।
বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার মধ্যে ‘উৎসব’ আছে তিন নম্বরে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে ‘হাওয়া’ ও ‘পরান’।
প্রথম সপ্তাহে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যেসব শহরে ‘বনলতা এক্সপ্রেস’ চলবে সেগুলো হলো—কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগেরি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা, হ্যালিফ্যাক্স; আমেরিকা নিউইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া; ইংল্যান্ডের লন্ডন ও বার্মিংহামে।
বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন তানিম নূর। প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।