ঈদ মাতাবে যেসব পাকিস্তানি সিনেমা

উপমহাদেশের প্রেক্ষাপটে ঈদুল ফিতর হচ্ছে সিনেমার ভুবনের জন্য বহুল প্রত্যাশিত একটি দিন। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে সিনেমা মুক্তিতে চলে ব্যাপক প্রস্তুতি। দর্শকও অপেক্ষায় থাকেন দিনটি ঘিরে। এবারের ঈদে পাকিস্তানি সিনে-ভক্তদের জন্য রয়েছে প্রচুর বিনোদন ও মজা। পাকিস্তানি চলচ্চিত্রের পুনরুজ্জীবনের পর ভক্তরা নতুন চলচ্চিত্রের জন্য অপেক্ষায় থাকেন। এরই ধারাবাহিকতায় ঈদে আসছে বেশ কিছু সিনেমা। এসব পাকিস্তানি সিনেমা ভক্তদের জন্য নিয়ে আসবে উন্মাদনা। পাকিস্তানি গণমাধ্যম রিভিউইট অবলম্বনে পাকিস্তানি সিনেমা নিয়ে এবারের আয়োজন।
আগ লাগে বস্তি মে
পাকিস্তানি সিনেমার জনপ্রিয় জুটি ফাহাদ মুস্তাফা ও মাহিরা খান এই ঈদুল ফিতরে বড় পর্দায় আসছেন। কমেডি অ্যাকশন ফ্লিক ‘আগ লাগে বস্তি মে’ সিনেমাটি ঈদের দিন হলে মুক্তি পাবে। লোভের বশবর্তী হয়ে পরিচ্ছন্নতাকর্মীর কাজ ছেড়ে দিয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ ডাকাতিতে জড়িয়ে পড়া দুটি চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ফাহাদ ও মাহিরা পাশাপাশি জাভেদ শেখ ও তাবিশ হাশমিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সিনেমা সংশ্লিষ্টরা কলাকুশলীরা তাদের এই প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী। এ জন্য তারা জোর প্রচার চালাচ্ছেন। এখন বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসার প্রত্যাশা করছেন তারা।
বুল্লাহ

পাকিস্তানের প্রবীণ অভিনেতা শান শহীদের কামব্যাক সিনেমা ‘বুল্লাহ’ আসছে ঈদের দিন। এতে একটি প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন শান। প্রকাশিত ট্রেলারে তার বলিষ্ঠ উপস্থিতি ও অ্যাকশন নজর কাড়ে। প্রখ্যাত লেখক নাসির আদিবের লেখা সংলাপ সিনেমাটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।শান শহীদ বুল্লাহ নামের এক স্বঘোষিত ন্যায়পালের ভূমিকায় অভিনয় করছেন, যিনি দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। এতে শানের সঙ্গে দেখা যাবে মোনালিসা, সেলিম শেখ এবং নাইমা বাটকে।
দিল্লি গেট

দুই অপরিচিত ব্যক্তির দেখা হয় পাকিস্তানের লাহোরের বিখ্যাত দিল্লি গেটে। তাদের মধ্যে আমির একজন সংগ্রামী সাংবাদিক এবং আনিয়া এক রহস্যময়ী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করার পর তারা খুবই প্রভাবশালী একটি বিপজ্জনক গোপন নেটওয়ার্কের ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। কীভাবে মুক্তি মেলে তাদের—দেখা যাবে ঈদের সময় মুক্তি পাওয়া ‘দিল্লি গেট’ সিনেমায়। এতে অভিনয় করেছেন ইয়াসির খান, শামুন আব্বাসি, জাভেদ শেখ, রোমা মাইকেল এবং আরও অনেকে। এটিও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
লাভ গুরু

মাহিরা খান এবং হুমায়ুন সাঈদ অভিনীত ‘লাভ গুরু’ গত বছর মুক্তি পেয়েছিল। এবারের ঈদুল ফিতরে এআরওয়াই ডিজিটালে এর পুনরায় প্রিমিয়ার হবে। রোমান্টিক কমেডি এ সিনেমাটি দর্শকরা তাদের পরিবারের সঙ্গে উপভোগ করতে পারবেন। লাভ গুরু একজন রসিক ও প্রেমময় পুরুষ। এক বাবা তার মেয়েকে পছন্দের ছেলের প্রতি আকৃষ্ট করতে এবং মেয়ের প্রেম ভাঙতে সেই লাভ গুরুকে নিয়োগ করেন। এরপরই নানা রকম টুইস্ট দেখা যায়। রোমান্টিক কমেডি সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম বেগ।
নিলোফার

‘হামসাফার’, ‘দ্য লেজেন্ড অব মাওলা জাট’-এর পর ‘নিলোফার’ হলো ফাওয়াদ খান ও মাহিরা খানের পর্দায় একসঙ্গে তৃতীয় কাজ। আম্মার রসুল পরিচালিত পাকিস্তানি রোমান্টি ড্রামা ‘নিলোফার’ গত নভেম্বরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবার জিও এন্টারটেইনমেন্টের সৌজন্য ছোপ পর্দার দর্শকরাও উপভোগ করতে পারবেন সিনেমাটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তবে ছোট পর্দায় নতুন করে ফাওয়াদ ও মাহিরা প্রেমের গল্পটি মুক্তি পাওয়ায় ভক্তদের ঈদ আনন্দ বেড়ে যাবে বহুগুণ।