২৫ কোটির সিনেমা ৩০৮ কোটি, মালয়ালমে নতুন ইতিহাস

মাত্র ২৫ কোটি রুপি বাজেট। মুক্তির পর শুরুতে ছিল সাধারণ একটি প্রেমের গল্পের সিনেমা হিসেবেই পরিচিতি। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শকের ভালোবাসায় সেই সিনেমাই এখন মালয়ালম সিনেমার বক্স অফিস ইতিহাস নতুন করে লিখেছে। নিভিন পলি ও মমিতা বাইজু অভিনীত ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা সিনেমা।
গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি মুক্তি পায় গত ২১ আগস্ট। মুক্তির ২৪ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এরপর ২৫ দিনের মাথায় ছবিটির মোট আয় দাঁড়ায় প্রায় ৩০৮ কোটি রুপি। ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এটি ছাড়িয়ে যায় এর আগে সর্বোচ্চ আয়ের মালয়ালম সিনেমার রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শনী অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’র দখলে। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩০২ কোটি রুপি আয় করেছিল। ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সেই অঙ্ক পেরিয়ে যাওয়ার পরই মালয়ালম সিনেমার বক্স অফিসে নতুন অধ্যায়ের সূচনা হয়। এর পরের অবস্থানে রয়েছে ‘এল ২: এম্পুরান’ ও ‘থুডারুম’।
তবে সিনেমাটির সাফল্যের সবচেয়ে চমকপ্রদ দিক বাজেটের তুলনায় এর আয়। প্রায় ২৫ কোটি রুপিতে নির্মিত একটি গল্পনির্ভর রোমান্টিক সিনেমা কীভাবে ৩০০ কোটির বেশি ব্যবসা করতে পারে, সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ২৫ দিনে ৩০৮.৪০ কোটি রুপি আয় করেছে, এর মধ্যে ভারত থেকে এসেছে প্রায় ১৭৩.৪০ কোটি রুপি।
ছবির গল্পের কেন্দ্রবিন্দু অ্যাশলি ও জাস্টিন। বিদেশে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে অ্যাশলি। প্রতিবেশীর বাড়িতে বিয়ের আয়োজন দেখতে গিয়ে তার মনে পড়ে যায় বহু বছর আগের প্রেমের কথা। সেই প্রেম জাস্টিনের সঙ্গে- যার সঙ্গে একসময় প্রতিবেশী হিসেবে পরিচয় হয়েছিল তার।
দুজনের মধ্যে বয়সের ব্যবধান বেশ বড়। কিন্তু সংগীতের প্রতি ভালোবাসা এবং একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত ধীরে ধীরে তাদের কাছাকাছি নিয়ে আসে। একসময় গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। কিন্তু পরিবার ও সামাজিক বাস্তবতার কারণে সেই সম্পর্ক টেকে না।
অ্যাশলির ভবিষ্যতের কথা চিন্তা করে জাস্টিনই তাকে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দেয়। এরপর দুজনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু বহু বছর পর আবারও তাদের দেখা হয় জাস্টিনের ভাইয়ের বিয়েতে। পুরোনো স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গে দুজনেই বুঝতে পারে, সময় পেরিয়ে গেলেও সেই অনুভূতি পুরোপুরি শেষ হয়ে যায়নি।
এই সহজ প্রেমের গল্পকেই গিরিশ এ. ডি. নির্মাণ করেছেন হাস্যরস, পারিবারিক আবেগ, স্মৃতি ও সম্পর্কের নানা সূক্ষ্ম মুহূর্তের মধ্য দিয়ে। বিভিন্ন রিভিউতেও সিনেমাটির স্বাভাবিক অভিনয়, বয়সের ব্যবধানের সম্পর্ককে সংবেদনশীলভাবে উপস্থাপন এবং চরিত্রগুলোর দৈনন্দিন জীবনের সঙ্গে দর্শকের সহজে সংযোগ তৈরির বিষয়টি উঠে এসেছে।
জাস্টিন চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি এবং অ্যাশলি চরিত্রে মমিতা বাইজু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্টসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও শ্যাম পুষ্করন।
বক্স অফিসের পাশাপাশি দর্শক-প্রতিক্রিয়াতেও এগিয়ে রয়েছে সিনেমাটি। আইএমডিবিতে ছবিটির রেটিং বর্তমানে ৮.৩/১০-এর আশপাশে, কয়েক হাজার দর্শকের ভোটের ভিত্তিতে।
‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর সাফল্য তাই শুধু একটি সিনেমার বক্স অফিস রেকর্ড নয়; বরং তুলনামূলক কম বাজেটের একটি মানবিক প্রেম ও পারিবারিক গল্পও যে বড় পরিসরে দর্শক টানতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছে গিরিশ এ. ডি.-র এই সিনেমা।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট

