বাস্তবে ধরা দিচ্ছে অঞ্জলির হলিউড স্বপ্ন

ভারতীয় অভিনেত্রী ও গায়িকা অঞ্জলি শিবরামনের হলিউড স্বপ্ন বাস্তবে ধরা দিতে চলেছে। গ্লোবাল তারকা হওয়ার স্বপ্ন অনেক তারকারই থাকে, তবে ক্যারিয়ারের শুরুতেই সেই সুযোগ সবার ভাগ্যে জোটে না। অভিনেত্রী অঞ্জলি শিবরামন সেই সৌভাগ্যবতীদের একজন। প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের পরবর্তী সিনেমা ‘আমরি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অঞ্জলি। সিনেমাটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
ভারতের কেরালায় জন্মগ্রহণ করা অঞ্জলি শিবরামনের নেটফ্লিক্স চলচ্চিত্র ‘কোবাল্ট ব্লু’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং নেটফ্লিক্সের ‘ক্লাস’ ধারাবাহিকে সুহানি আহুজা চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সবার নজর কাড়েন।
হাঙ্গেরিয়ান-ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শেরগিলের ১৯১৫ থেকে ১৯৪১ সালের বোহেমিয়ান জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই বায়োপিক। এতে এমিলি ওয়াটসন, জয়দীপ আহলাওয়াত, জিম সর্ব এবং আঞ্জনা ভাসানের মতো তারকাদের পাশাপাশি ক্যামিও চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও। প্রজেক্টটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অঞ্জলি বলেন, ‘আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।’ সূত্র: মিড-ডে
ছোটবেলা থেকেই পশ্চিমা সিনেমার ভক্ত অঞ্জলি জানান, হলিউডে কাজ করা সবসময়ই তার পরিকল্পনার অংশ ছিল। বিমানবাহিনীর কর্মকর্তার সন্তান হওয়ায় ভারতের বিভিন্ন প্রান্তে বড় হয়েছেন তিনি। তার ইংরেজি বলার দারুণ দক্ষতা এবং ব্যতিক্রমী লুক আন্তর্জাতিক অঙ্গনের জন্য বেশ মাননসই। এরই মধ্যে তিনি বিশ্বমঞ্চে পা রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি গানও ভালোই জানেন অঞ্জলি। প্লে-ব্যাক সিঙ্গার মা চিত্রা আয়ারের কাছ থেকে পেয়েছেন গানের অনুপ্রেরণা। ২০২৫ সালে ভেট্রিমারান প্রযোজিত তামিল ছবি ‘ব্যাড গার্ল’-এ অভিনয়ের পাশাপাশি একটি লোরি (ঘুমপাড়ানি গান) গেয়ে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। বর্তমানে বিভিন্ন ভাষার চিত্রনাট্য পাচ্ছেন অঞ্জলি, তবে তার স্বল্পমেয়াদি লক্ষ্য হলো নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া।






