logo

জনপ্রিয় চীনা তারকার অকালপ্রয়াণে রহস্যের গুঞ্জন

জনপ্রিয় চীনা তারকার অকালপ্রয়াণে রহস্যের গুঞ্জন
জনপ্রিয় চীনা তারকা জিন জে। ছবি: সংগৃহীত

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। চীনের উদীয়মান ও অত্যন্ত জনপ্রিয় তরুণ অভিনেতা-মডেল জিন জে মাত্র ৩৩ বছর বয়সে আকস্মিকভাবে মারা গেছেন। তার অকালমৃত্যুতে দেখা দিয়েছে রহস্য। সামাজিকমাধ্যমে অনেক ভক্ত চীনা তারকার মৃত্যু নিয়ে নিজেদের সন্দেহের কথা জোরালোভাবে প্রকাশ করছেন। তবে অভিনেতার এজেন্সি ‘শেংশি গুয়াংনিয়ান কালচার’-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানানো হয়।

গত ৪ জুন হ্যাংঝোতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৬ জুন তার ট্যালেন্ট এজেন্সি ‘শেংশি গুয়াংনিয়ান কালচার’ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভক্ত ও বিনোদন জগৎকে এই শোকসংবাদটি নিশ্চিত করে।

চীনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিন জের আসল নাম ছিল ঝাং জিয়াওয়েই। ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি চীনের শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন। ১৮৮ সেন্টিমিটার উচ্চতার এই তারকা অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন।

তার এজেন্সি মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও, ঠিক কী কারণে তিনি মারা গেছেন, তা এখনও প্রকাশ করেনি। এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা গভীর শোকাহত। এই কঠিন সময়ে দয়া করে কেউ কোনো গুঞ্জন ছড়াবেন না এবং অভিনেতার পরিবারের প্রতি সম্মান বজায় রাখুন।’

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা স্তব্ধ। ‘ফেক প্রিন্সেস’ ও ‘গিভ ইউ মাই হার্ট’ নাটকে তার সহ-অভিনেত্রী এলিনর লি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন।

জিন জে মূলত একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে পরবর্তীতে অভিনয় জগতে পা রেখে নিজের অভিনয় দক্ষতা দিয়ে কোটি ভক্তের মন জয় করেন। ‘হ্যালো জোয়ান’, ‘ফরগেট ইউ রিমেম্বার লাভ’, ‘লিগ্যালি রোমান্স’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় তিনি অনবদ্য অভিনয় করেন।

২০১৬ সালে ছোট পর্দায় পা রাখা জেন জি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত নম্র, পরিশ্রমী ও একনিষ্ঠ একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কাজের প্রতি ভীষণ একাগ্র ও নম্র স্বভাবের এই তারকা ভক্তদের হৃদয়ে বেঁচে দীর্ঘদিন থাকবেন।