‘স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন’

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। এসবের মাঝেই ফের শাকিব খান আর বুবলীকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়েছে। বুবলী নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে কয়েক দিন ধরে চলা আলোচনার মধ্যেই সম্প্রতি একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি।
বুবলী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় এবং উপযুক্ত পরিবেশ প্রয়োজন।
শাকিব খানের নাম জড়িয়ে তার সাম্প্রতিক বিদেশ যাত্রা নিয়েও প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে প্রশ্ন উঠলে বুবলী বলেন, একটি আনন্দঘন অনুষ্ঠানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।
তার মতে, সাংবাদিকদের কাজই হলো নতুন তথ্য তুলে ধরা এবং দর্শকদের জানার আগ্রহ থাকা স্বাভাবিক, যা সব শিল্পীর ক্ষেত্রেই হয়ে এসেছে।
তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, শিল্পীদের উপস্থাপনের ক্ষেত্রে যেন যথাযথ শ্রদ্ধা ও পেশাদারিত্ব বজায় রাখা হয়, যা তারা বরাবরই করে আসছেন বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, এর আগে, ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দুই বছর পরে। সে সময়ে এ খবরে প্রায় ঝড় ওঠে।