logo
Advertisement

শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি বানাতে চান অস্কারজয়ী নির্মাতা

এশিয়া পোস্ট বিনোদন
শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি বানাতে চান অস্কারজয়ী নির্মাতা

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। কয়েক বছর আগে এ বিষয়ে শাহরুখের সঙ্গে তার আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। তবে সে সময় উপযুক্ত সময় না হওয়ায় সেই পরিকল্পনা আর এগোয়নি।

Advertisement

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার ‘ইটাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড বলেন, শাহরুখ খান তাকে এখনো গভীরভাবে আকর্ষণ করেন। তার মতে, ভারতে শাহরুখ যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং কেন তিনি এত মানুষের কাছে প্রিয়- এর পেছনের কারণ অনুসন্ধান করতেই তিনি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চান। মজা করে তিনি বলেন, ‘হয়তো শাহরুখ এটা পড়বেন এবং নিজেই যোগাযোগ করবেন।’

কেভিন জানান, কয়েক বছর আগে শাহরুখের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল এবং দুজনের মধ্যে প্রামাণ্যচিত্রটি নিয়ে আলোচনা হয়েছিল। শাহরুখও তখন আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সময়টা উপযুক্ত না হওয়ায় প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে আবারও এ নিয়ে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন কেভিন। তিনি বলেন, মোদির রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে কাছ থেকে বোঝার বিষয়টি তার কাছে আকর্ষণীয়। তবে একই সঙ্গে কেভিনের ধারণা, এমন একটি প্রকল্পে অংশ নিতে মোদি রাজি হবেন না।

বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের জীবন ও সাফল্যের আড়ালের গল্প অনুসন্ধানে কেভিন ম্যাকডোনাল্ডের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার সর্বশেষ কাজ ‘এ বিউটিফুল অবসেশন’ চার পর্বের একটি প্রামাণ্যচিত্র সিরিজ, যেখানে ম্যানচেস্টার সিটি ও কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প তুলে ধরা হয়েছে। সিরিজটিতে সাফল্যের পাশাপাশি পরাজয়, চাপ ও পরিবর্তনের কঠিন সময়ও উঠে এসেছে।

এদিকে প্রামাণ্যচিত্রের পাশাপাশি কাহিনিচিত্রেও ফিরছেন কেভিন। গ্যাল গ্যাডট অভিনীত ‘দ্য রানার’ সিনেমার মাধ্যমে তিনি আবারও ফিচার ফিল্ম নির্মাণে মনোযোগ দিচ্ছেন। নির্মাতার ভাষ্য, প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্র- দুই মাধ্যমই মূলত গল্প বলার ভিন্ন পদ্ধতি; আর এই বৈচিত্র্যই তাকে কাজের প্রতি আগ্রহী রাখে।

সোর্স: টাইমস অব ইন্ডিয়া